বিশ্বকাপ ইস্যুতে আলোচনা করতে আসছে আইসিসির প্রতিনিধি দল
আগামী মাসে ভারত ও শ্রীলঙ্কায় যৌথভাবে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। গ্রুপ পর্বে বাংলাদেশের ম্যাচগুলো ছিল ভারতে। কিন্তু নিরাপত্তা শঙ্কার কারণে ভারতে খেলতে যাবে না বাংলাদেশ। সেটি নিয়ে আলোচনা চলছে আইসিসির সঙ্গে। এরই মাঝে জানা গেলো নতুন খবর।
টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে আলোচনা করতে বাংলাদেশে আসছে আইসিসির প্রতিনিধি দল। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) যুব ও ক্রীড়া উপদেষ্টা ড. আসিফ নজরুল এ কথা জানান।
আসিফ নজরুল বলেন, ‘আমি সর্বশেষ অবস্থা শুধু এইটুকুই জানি, আমাকে আমিনুল ইসলাম বুলবুল সাহেব জানিয়েছে যে, আইসিসির একটা টিম হয়ত আসছে বাংলাদেশে কথা বলার জন্য।’
এরপর নিজেদের অবস্থান আরও একবার স্পষ্ট করেছেন ক্রীড়া উপদেষ্টা। শ্রীলঙ্কায় বিশ্বকাপ আয়োজন অসম্ভব নয় বলে মনে করেন তিনি।
ড. আসিফ নজরুল বলেন, ‘আমরা আমাদের অবস্থান থেকে সরার কোনো সুযোগ নাই। আমরা প্রচণ্ডভাবে বিশ্বকাপ ক্রিকেট খেলতে চাই এবং সেটা আমরা শ্রীলঙ্কাতেই খেলতে চাই। এটা আয়োজন করা অসম্ভব না বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি।’
এর আগে ভারতের উগ্র হিন্দুত্বাবদীদের দাবির কারণে মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেয় ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। এই সিদ্ধান্তকে ভালোভাবে নেয়নি বিসিবি। জরুরি বোর্ড মিটিং সিদ্ধান্ত নেয় আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতে দল না পাঠানোর। সরকারও বোর্ডের এই সিদ্ধান্তকে স্বাগত জানায়।
বিষয়টি জানিয়ে আইসিসিকে দুইবার আনুষ্ঠানিকভাবে ই-মেইল করেছে বিসিবি। বিসিবি সর্বপ্রথম ইমেইল করেছিল গত ৪ জানুয়ারি। পরবর্তীতে সেই ইমেইলের উত্তর দিয়ে বিসিবির কাছে থেকে বাংলাদেশের শঙ্কার বিষয়ে বিস্তারিত জানতে চেয়েছিল আইসিসি।
গত ৮ জানুয়ারি আবারও বিসিবি ভারতে বাংলাদেশের ক্রিকেটারদের নিরাপত্তা ঝুঁকির কথা উল্লেখ করে বিশদভাবে কারণ ব্যাখ্যা করে ইমেইল করে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে (আইসিসি)। পরে আইসিসির সঙ্গে ভিডিও কনফারেন্সে মিটিং করেছে বিসিবি। সেখানে বাংলাদেশকে নিজেদের সিদ্ধান্ত পুনঃবিবেচনা করার জন্য জানায় আইসিসি। তবে নিজেদের সিদ্ধান্ত অপরিবর্তিত রাখার কথা জানিয়ে দিয়েছে বিসিবি।

স্পোর্টস ডেস্ক