টি-টোয়েন্টি বিশ্বকাপে নিরাপত্তা নিয়ে যা জানাল শ্রীলঙ্কা
আগামী মাসে টি-টোয়েন্টি বিশ্বকাপ মাঠে গড়ানোর আগে আলোচনায় নিরাপত্তা শঙ্কা। ভারতে নিরাপত্তা শঙ্কার কারণে দল পাঠাতেই অস্বীকৃতি জানিয়েছে বাংলাদেশ।
এবারের বিশ্বকাপের সহ-আয়োজক দেশ শ্রীলঙ্কা। মোট ২০টি ম্যাচ অনুষ্ঠিত হবে দেশটিতে। পাকিস্তান যদি ফাইনালে ওঠে তাহলে একটি সেমিফাইনালের সঙ্গে ফাইনালও অনুষ্ঠিত হবে শ্রীলঙ্কায়। গুরুত্বপূর্ণ এই আয়োজনের জন্য কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে শ্রীলঙ্কা।
শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডের (এসএলসি) কর্মকর্তারা এএফপিকে জানিয়েছেন, টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণকারী দলগুলোর নিরাপত্তার জন্য তারা বিশেষ সশস্ত্র কমান্ডো বাহিনী মোতায়েন করবে। বিশেষ করে ভারত-পাকিস্তান ম্যাচে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে।
শ্রীলঙ্কার ক্রীড়ামন্ত্রী সুনীল কুমারা গামাগে এএফপিকে বলেন, শ্রীলঙ্কা এই টুর্নামেন্টটি সুষ্ঠুভাবে পরিচালনার জন্য ‘সর্বোচ্চ অগ্রাধিকার’ দিচ্ছে। বিশেষ করে ‘ভারত-পাকিস্তান ম্যাচের প্রতি বিশেষ নজর’ রাখছে।
পুলিশ ও নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন, সাধারণত রাষ্ট্রপ্রধানদের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত থাকা এলিট কমান্ডো ইউনিটগুলো এবার অংশগ্রহণকারী সব দলের নিরাপত্তার দায়িত্বে থাকবে।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তা এএফপিকে বলেন, ‘বিমানবন্দরে পা রাখা থেকে শুরু করে পুনরায় বিমানে চড়া পর্যন্ত তাদের নিরাপত্তা দিবে সশস্ত্র বাহিনী।’
প্রসঙ্গত, আগামী ১৫ ফেব্রুয়ারি কলম্বোতে ‘এ’ গ্রুপের ম্যাচে মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দি ভারত ও পাকিস্তান।

স্পোর্টস ডেস্ক