টি-টোয়েন্টি বিশ্বকাপকে ‘বিশ্বকাপ’ মানেন না ভারতের সাবেক ক্রিকেটার
এক সপ্তাহ পর মাঠে গড়াবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। নানা ইস্যুতে এখনও চলছে বিতর্ক। এর মাঝেই এবার বিস্ফারক মন্তব্য করলেন ভারতের সাবেক ক্রিকেটার সঞ্জয় মাঞ্জরেকার। টি-টোয়েন্টি বিশ্বকাপকে ‘বিশ্বকাপ’ই মনে হয় না তার কাছে।
ওয়ানডে বিশ্বকাপের মতো চার বছর পরপর নয়, ক্রিকেটের ক্ষুদ্র সংস্করণের এই বিশ্বকাপ অনুষ্ঠিত হয় দুই বছর পরপর। বিশ্বকাপের এমন ঘনঘন আয়োজন নিয়েই মাঞ্জরেকারের আপত্তি। নিজের এক্স হ্যান্ডেলে এ নিয়ে কথা বলেন তিনি।
মাঞ্জরেকার বলেন, আমার কাছে ক্রিকেট বিশ্বকাপ মানে সবসময়ই ৫০ ওভারের বিশ্বকাপ। দুই বছর পরপর টি-টোয়েন্টি সংস্করণের যে টুর্নামেন্ট হয়, সেটিকে চার বছর পরপর আসা ওয়ানডে বিশ্বকাপের সমমানে দেখা উচিত নয়। আমার মতে, এই টুর্নামেন্টের প্রকৃত নাম হতে পারে দ্য ওয়ার্ল্ড টি-টোয়েন্টি।
ভারতে বিশ্বকাপ ইস্যুতে নতুন বির্তকের নাম নিপাহ ভাইরাস। দেশটিতে নিপাহ ভাইরাসের প্রাদুর্ভাব দিন দিন বাড়ছে, বিশেষত পশ্চিমবঙ্গে। আর এটি আইসিসির কপালে ফেলেছে চিন্তার ভাঁজ। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে কলকাতায় ম্যাচ আছে। ইডেন গার্ডেনসে সেমিফাইনালসহ ছয়টি ম্যাচ অনুষ্ঠিত হবে, যা এখন শঙ্কার মুখে। আয়োজন নিয়ে তৈরি হয়েছে সংশয়।
এমন অবস্থায় ভারতে বিশ্বকাপ খেলতে আপত্তি জানিয়েছে ইংল্যান্ড। ইংলিশদের পর ভারতের অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে অস্ট্রেলিয়া। দুই হেভিওয়েটের উদ্বেগের পর শঙ্কা তৈরি হয়েছে ভারতে বিশ্বকাপ আয়োজন নিয়েই। তবে, ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) সেটি উড়িয়ে দিয়েছে।
বিসিসিআইয়ের এক কর্মকর্তা ইনসাইড স্পোর্টকে জানান, আক্রান্ত এলাকা থেকে ইডেন গার্ডেনসের দূরত্ব প্রায় ৩০ কিলোমিটার। ফলে খেলোয়াড়দের স্বাস্থ্য ঝুঁকি নেই বললেই চলে। নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হচ্ছে পুরো আয়োজন। আপাতত সব বিতর্ক একপাশে সরিয়ে মেগা আসরের অপেক্ষায় প্রহর গুনছে ইডেন।

স্পোর্টস ডেস্ক