নেপাল ও ভারতের বিপক্ষে ম্যাচ খেলতে ঢাকায় শমিত সোম
দেশের ফুটবলে উচ্ছ্বাসের জোয়ার বইছে প্রবাসী ফটবলারেদের নিয়ে। হামজা-শমিতদের খেলা দেখতে অপেক্ষার প্রহর গুনছে দেশের ফুটবলের সমর্থকরা। হামজা চৌধুরী আগেই দেশে ফিরছেন। নভেম্বরের ফিফা উইন্ডোতে নেপাল ও ভারতের বিপক্ষে ম্যাচ খেলতে এবার দেশে ফিরলেন কানাডা প্রবাসী শমিত সোম।
গতকাল মঙ্গলবার (১১ নভেম্বর) রাত ১২ টার দিকে কানাডা থেকে ঢাকায় এসে পৌঁছান শমিত। শাহজালাল আন্তর্জাতিকজ বিমানবন্দরে তাকে স্বাগত জানান বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কার্যনির্বাহী কমিটির সদস্য মো. মনজুরুল করিম।
কাভালরি এফসির হয়ে খেলে সোমবারই বাংলাদেশে ফেরার উদ্দেশ্যে রওনা দেন শমিত। আজ ঢাকার জাতীয় স্টেডিয়ামে ফ্লাডলাইটের আলোয় অনুশীলন করবে বাংলাদেশ, সেখানে দলের সঙ্গে অনুশীলনে যোগ দিবেন তিনি।
আরও পড়ুন : ৬ মিনিটেই শেষ বাংলাদেশ–ভারত ম্যাচের গ্যালারির টিকিট
চলতি বছরের ১০ জুন সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ দিয়ে জাতীয় দলে অভিষেক হয় শমিতের। এরপর ৯ অক্টোবর দ্বিতীয় আন্তর্জাতিক ম্যাচেই গোলের দেখা পান তিনি। এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে হংকংয়ের বিপক্ষে দ্বিতীয়ার্ধে নেমে নিজের উপস্থিতি জানান দেন এই তরুণ ফুটবলার। তবে ঘরের মাঠে শমিতকে পুরো ম্যাচে না খেলানো নিয়ে সমালোচনা হয়েছে বেশ।
এর আগেও জুনে ভ্রমণ ক্লান্তির কারণে ভুটানের বিপক্ষে খেলতে পারেননি শমিত। এবারও দেশে ফেরার একদিন পর নেপালের বিপক্ষে আসন্ন প্রীতি ম্যাচে কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা তাকে নিয়ে কী পরিকল্পনা করছেন সেটিই এখন দেখার বিষয়।
আরও পড়ুন : অবশেষে ঢাকায় পৌঁছেছেন হামজা
এর আগে সোমবার (১০ নভেম্বর) বিকেলে দেশে আসেন ইংল্যান্ড প্রবাসী হামজা। লেস্টার সিটির এই মিডফিল্ডারের দেশে ফেরার কথা ছিল সেদিন দুপুর ১২ টায়। কিন্তু ফ্লাইট মিস করায় তার আসতে কিছুটা দেরি হয়।
আগামী ১৩ নভেম্বর নেপালের বিপক্ষে প্রীতি ম্যাচ ও ১৮ নভেম্বর এশিয়ান কাপ বাছাইপর্বের ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। দুটি ম্যাচই অনুষ্ঠিত হবে ঢাকার জাতীয় স্টেডিয়ামে।
বাছাইপর্বের সর্বশেষ ম্যাচে হংকংয়ের সঙ্গে ড্রয়ে বাংলাদেশের এশিয়ান কাপের আশা শেষ হয়ে গেছে। ভারতের বিপক্ষে ম্যাচটিও তাই এখন নিয়ম রক্ষার। তবে এশিয়ান কাপ বাছাইয়ের এই ম্যাচকে ঘিরে ফুটবলপ্রেমীদের মধ্যে আলাদা উত্তেজনা কাজ করছে।

স্পোর্টস ডেস্ক