জাতীয় দলের ক্যাম্প থেকে ৯ ফুটবলারকে চায় মোহামেডান
১৮ সেপ্টেম্বর মাঠে গড়াচ্ছে বাংলাদেশ ফুটবল লিগ (বিএফএল )। তবে লিগ শুরুর আগেই সূচি নিয়ে তৈরি হয়েছে জটিলতা। ১৩ ক্লাবের মধ্যে ১০টি ক্লাব নিরবিচ্ছিন্নভাবে লিগ শেষ করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে (বাফুফে)।
তবে ক্লাবগুলোর সেই অনুরোধ উপেক্ষা করেই রোববার (১৩ সেপ্টেম্বর) রাতে লিগ ও ফেডারেশন কাপের সূচি চূড়ান্ত করেছে বাফুফে। এতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। আসন্ন আসিয়ান কাপকে সামনে রেখে জাতীয় দলের চলমান প্রাথমিক ক্যাম্পে রয়েছে ক্লাবটির ৯ ফুটবলার। অথচ এখনো লিগের প্রস্তুতি শুরু করতে পারেনি মতিঝিলের ক্লাবটি।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) থেকে অনুশীলন শুরুর পরিকল্পনা রয়েছে মোহামেডানের। কিন্তু ৯ ফুটবলার জাতীয় দলের ক্যাম্পে থাকায় প্রস্তুতি নিয়েই শঙ্কায় ক্লাব কর্তৃপক্ষ। এ কারণে সোমবার বিকেলে বাফুফেকে চিঠি দিয়েছে মোহামেডান। চিঠিতে ১৫ সেপ্টেম্বরের মধ্যে জাতীয় দলের ক্যাম্পে থাকা নয় ফুটবলারকে ক্লাবে ফেরত দেওয়ার অনুরোধ করা হয়েছে।
মোহামেডানের দাবি, ফিফার নিয়ম অনুযায়ী প্রয়োজনীয় সময়ে জাতীয় দলের জন্য খেলোয়াড় ছাড়তে প্রস্তুত তারা। নিয়ম অনুযায়ী, ফিফা উইন্ডো শুরুর ৭২ ঘণ্টা আগে জাতীয় দলের খেলোয়াড়দের ছেড়ে দিতে বাধ্য ক্লাবগুলো।
আগামী ২১ সেপ্টেম্বর শুরু হচ্ছে সেপ্টেম্বর-অক্টোবর ফিফা উইন্ডো। সে হিসেবে ১৮ সেপ্টেম্বরের পর খেলোয়াড়দের জাতীয় দলের জন্য ছাড়তে বাধ্য থাকবে মোহামেডান। তবে মঙ্গলবার খেলোয়াড়রা ক্লাবে ফিরলেও লিগ শুরুর আগে মাত্র তিন দিন অনুশীলনের সুযোগ পাবেন তারা।
মোহামেডানের সঙ্গে কোনো সমঝোতায় আসবে কি না সে ব্যাপারে পরিষ্কারভাবে কিছু বলেনি বাফুফে। সমঝোতা না হলে নয় ফুটবলারকে ছাড়াই জাতীয় দলের ক্যাম্প চালিয়ে যেতে হতে পারে প্রধান কোচ থমাস ডুলিকে। আসিয়ান কাপের আগে সেটি দলের জন্য কিছুটা বিপর্যয়ের কারণই হবে।

স্পোর্টস ডেস্ক