আইএমএফের সঙ্গে বৈঠক, টেকসই অর্থায়ন ও জলবায়ু-সহনশীল বিনিয়োগের তাগিদ
আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ক্লাইমেট পলিসি ডায়াগনস্টিক টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স মিশনের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করেছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। আজ বুধবার (২২ জুলাই) বিএসইসির কমিশন সভাকক্ষে এই বৈঠক অনুষ্ঠিত হয়। এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানিয়েছে বিএসইসি।
বৈঠকে বিএসইসির পক্ষ থেকে নেতৃত্ব দেন কমিশনার তানভীর হাবিব রহমান। এ সময় সংশ্লিষ্ট বিভিন্ন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অন্যদিকে আইএমএফের ক্লাইমেট পলিসি ডায়াগনস্টিক টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স মিশনের টিম লিডার সুপাচোল সুপাচালাসাইয়ের নেতৃত্বে ছয় সদস্যের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল আলোচনায় অংশ নেন।
বৈঠকে বাংলাদেশের পুঁজিবাজারে গ্রিন বন্ড, সাসটেইনেবিলিটি বন্ডসহ অন্যান্য থিমেটিক বন্ডের বাজার সম্প্রসারণের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি সাসটেইনেবল ফাইন্যান্স ট্যাক্সোনমির অগ্রগতি, বন্ড ইস্যুর ক্ষেত্রে ভেরিফিকেশন প্রক্রিয়া, ইমপ্যাক্ট রিপোর্টিং, এক্সটার্নাল রিভিউ ব্যবস্থার উন্নয়ন, সম্ভাব্য ইস্যুকারীদের প্রস্তুতি এবং নতুন বিনিয়োগকারীদের চাহিদা মূল্যায়নের বিষয়ে দুই পক্ষ ফলপ্রসূ মতবিনিময় করেন।
আলোচনায় বাংলাদেশের টেকসই অর্থায়ন এবং জলবায়ু-সহনশীল বিনিয়োগ ব্যবস্থা শক্তিশালী করতে পুঁজিবাজারের ভূমিকা আরও বড় পরিসরে সম্প্রসারণের প্রয়োজনীয়তা গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয়। একই সঙ্গে সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থা ও উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠানগুলোর মধ্যে পারস্পরিক সমন্বয় জোরদার করার ওপর জোর দেওয়া হয়। এই লক্ষ্য বাস্তবায়নে আন্তর্জাতিক সর্বোত্তম চর্চার আলোকে প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি, নীতিগত উন্নয়ন এবং পুঁজিবাজারের অবকাঠামো শক্তিশালীকরণের বিভিন্ন বিষয়ে উভয় পক্ষ একমত পোষণ করেন।

নিজস্ব প্রতিবেদক