সর্বোচ্চ ৫ লাখ টাকা পাবেন ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারী
ব্রোকারেজ হাউজ কর্তৃক অর্থ আত্মসাতের কারণে ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের দাবি নিষ্পত্তিতে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) বিনিয়োগকারী সুরক্ষা তহবিল থেকে প্রত্যেক বিনিয়োগকারীকে সর্বোচ্চ পাঁচ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এ জন্য বাংকো সিকিউরিটিজ লিমিটেড, তামহা সিকিউরিটিজ লিমিটেড, ক্রেস্ট সিকিউরিটিজ লিমিটেড এবং শাহ মোহাম্মদ সগীর অ্যান্ড কোম্পানি লিমিটেডের ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের যাচাই করা ও অনিষ্পন্ন দাবির বিপরীতে ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া সিদ্ধান্ত হয়েছে।
বিএসইসির চেয়ারম্যান মাসুদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত কমিশন সভায় সোমবার (১৯ অক্টোবর) এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় ছয়টি স্টক ব্রোকারেজ প্রতিষ্ঠানকে পণ্যভিত্তিক ডেরিভেটিভস লেনদেনের ব্রোকার হিসেবে নিবন্ধন দেওয়ার বিষয়ে নীতিগত অনুমোদন দেওয়া হয়। এছাড়া বাংলাদেশ ব্যাংকের লাইসেন্স বাতিলের প্রক্রিয়াধীন নয়টি আর্থিক প্রতিষ্ঠানের অধীনে থাকা ১২টি ক্যাপিটাল মার্কেট সাবসিডিয়ারি কোম্পানির বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে বিএসইসি। এর মধ্যে চারটি প্রতিষ্ঠানের ব্যবসায়িক কার্যক্রম চলমান রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।
একইসঙ্গে সাতটি প্রতিষ্ঠানকে আর্থিক ও আইনগত ঘাটতি নিরসনসহ সংশ্লিষ্ট বিধিবিধান পরিপালনের জন্য আগামী ৩০ এপ্রিল পর্যন্ত সময় দেওয়া হয়। এছাড়া একটি প্রতিষ্ঠানকে ঘাটতি নিরসন ও প্রয়োজনীয় বিধিবিধান পরিপালনের জন্য আগেই আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত সময় দেওয়া হয়।

নিজস্ব প্রতিবেদক