পুঁজিবাজারের উন্নয়নে কাজ করতে আগ্রহী এডিবি
বাংলাদেশের পুঁজিবাজারের উন্নয়ন ও বিকাশে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। সোমবার (১৬ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কার্যালয়ে কমিশনের চেয়ারম্যান মাসুদ খানের সঙ্গে এডিবির একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের বৈঠকে এ আগ্রহের কথা জানানো হয়।
বৈঠকে দেশের পুঁজিবাজারের উন্নয়ন, সম্প্রসারণ ও আধুনিকায়নে বর্তমান কমিশনের গৃহীত বিভিন্ন উদ্যোগ এবং ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন বিএসইসি চেয়ারম্যান।
এ সময় দেশের পুঁজিবাজারের উন্নয়ন, বেসরকারি খাতের বিকাশে পুঁজিবাজারের ভূমিকা বৃদ্ধি ও বিনিয়োগের নতুন সুযোগ সৃষ্টির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
বৈঠকে পুঁজিবাজারের প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি, বেসরকারি খাতের উন্নয়ন এবং সরকারি-বেসরকারি অংশীদারত্ব (পিপিপি) জোরদারের সম্ভাব্য ক্ষেত্র নিয়েও আলোচনা হয়।
বাংলাদেশের পুঁজিবাজারের উন্নয়নে এডিবির সহযোগিতামূলক উদ্যোগে প্রয়োজনীয় সহায়তা প্রদানের আশ্বাস দেয় বিএসইসি। বৈঠকে উভয় পক্ষ বিভিন্ন বিষয়ে ফলপ্রসূ আলোচনা করে।
এডিবির প্রতিনিধিদলের নেতৃত্ব দেন সংস্থাটির অফিস অব মার্কেটস ডেভেলপমেন্ট অ্যান্ড পাবলিক-প্রাইভেট পার্টনারশিপের (ওএমডিপি) প্রধান তাকেও কোইকে ।
প্রতিনিধিদলে আরও ছিলেন এডিবির বাংলাদেশ আবাসিক মিশনের কান্ট্রি ডিরেক্টর চিংফেং ঝাং, ডেপুটি কান্ট্রি ডিরেক্টর আকিরা মাতসুনাগা, প্রাইভেট সেক্টর অপারেশনস বিভাগের সিনিয়র অ্যাডভাইজার ক্রেইগ লি রবার্টস এবং সাউথ এশিয়া ডিপার্টমেন্টের প্রাইভেট সেক্টর ডেভেলপমেন্টের আঞ্চলিক প্রধান শুজি হাশিজুমে সহ এডিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা।
বিএসইসির পক্ষে বৈঠকে উপস্থিত ছিলেন কমিশনার তানভীর হাবিব রহমান, সিপিএ এবং কমিশনার মো. নাফিজ আল তারিকসহ কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)