বাড়ল ৬৭ শতাংশ কোম্পানির দর, লেনদেন ৯৩৯ কোটি টাকা
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সবকটি সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে আজ। মঙ্গলবার (১৭ নভেম্বর) প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ২৮ পয়েন্ট। এদিন লেনদেন বেড়ে ৯৩৯ কোটি টাকায় চলে এসেছে। গতকাল সোমবারের (১৬ নভেম্বর) তুলনায় আজ বাজারে মূলধনের পরিমাণ বেড়েছে এক হাজার ৩১৮ কোটি টাকা। এদিন ডিএসইর লেনদেনে অংশ নেওয়া ৬৭ শতাংশ কোম্পানির শেয়ারের দর বেড়েছে।
মঙ্গলবার লেনদেন শেষে ডিএসইএক্স বেড়েছে ২৮ দশমিক ৫১ পয়েন্ট। সূচকটি বেড়ে দিনশেষে দাঁড়ায় পাঁচ হাজার ৪৯১ দশমিক ৭৯ পয়েন্টে। এদিন ডিএসইএস সূচক ছয় দশমিক ৫০ পয়েন্ট বেড়ে দাঁড়ায় এক হাজার ৭৫ দশমিক ৪৩ পয়েন্টে। এ ছাড়া ডিএস-৩০ সূচক আট দশমিক শূন্য এক পয়েন্ট বেড়ে দাঁড়ায় দুই হাজার ৮৩ দশমিক ৫১ পয়েন্টে।
আজ লেনদেন হয়েছে ৯৩৯ কোটি সাত লাখ টাকার শেয়ার। আগের কর্মদিবস সোমবার লেনদেন হয়েছিল ৭৯৮ কোটি ৭৪ লাখ টাকা। আজ ডিএসইতে মূলধন দাঁড়ায় ছয় লাখ ৭৩ হাজার ৮৭১ কোটি ৩৭ লাখ টাকা। গতকাল সোমবার মূলধন ছিল ছয় লাখ ৭২ হাজার ৫৫৩ কোটি ৭৬ লাখ টাকা। আজ লেনদেন হওয়া ৩৬৭টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মধ্যে দর বেড়েছে ২৪৬টির, কমেছে ৭৫টির এবং শেয়ার দর অপরিবর্তিত রয়েছে ৪৬টির।
এদিন লেনদেনের শীর্ষে উঠে এসেছে স্কয়ার ফার্মার শেয়ার। কোম্পানিটির ৩৪ কোটি ৫৯ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়। লেনদেনের শীর্ষে উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে শাহজিবাজার পাওয়ারের ৩০ কোটি ৭১ লাখ টাকা, রানার অটোর ২৫ কোটি ৯৫ লাখ টাকা, প্রাইম ব্যাংকের ২৪ কোটি ২৬ লাখ টাকা, বারাকা পতেঙ্গা পাওয়ারের ২৩ কোটি ৫১ লাখ টাকা, ডরিন পাওয়ারের ২৩ কোটি ৩৯ লাখ টাকা, ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশনের ২১ কোটি ৪৩ লাখ টাকা, এনভয় টেক্সটাইলের ২০ কোটি ১৬ লাখ টাকা, সামিট অ্যালায়েন্স পোর্টের ১৭ কোটি ৭৫ লাখ টাকা এবং বেক্সিমকোর ১৬ কোটি ২৮ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়।
এদিন দর কমার শীর্ষে উঠে এসেছে দেশ প্যারামাউন্ট টেক্সটাইলের শেয়ার। কোম্পানিটির দর কমেছে আট শতাংশ। দর বাড়ার শীর্ষে উঠে এসেছে রিপাবলিক ইন্স্যুরেন্সের শেয়ার। কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ১১ দশমিক ১৪ শতাংশ।

নিজস্ব প্রতিবেদক