শেয়ারপ্রতি লভ্যাংশ ২৫ পয়সা দেবে বেস্ট হোল্ডিংস
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি বেস্ট হোল্ডিংস পরিচালনা পর্ষদ সমাপ্ত অর্থবছরের জন্য শেয়ারহোল্ডারদের দুই দশমিক ৫০ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার ঘোষণা দিয়েছে। মানে শেয়ারপ্রতি লভ্যাংশ পাবে ২৫ পয়সা। তবে কোম্পানির স্পন্সর শেয়ারহোল্ডাররা এ লভ্যাংশ পাবে না।
আজ সোমবার (১৬ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে প্রকাশিত কোম্পানিটির মূল্য সংবেদনশীল প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।
প্রতিবেদনের তথ্যমতে, বিদায়ী ২০২৫-২৬ অর্থবছরে সমন্বিত শেয়ারপ্রতি মুনাফা (বেসিক) হয়েছে ২৩ পয়সা। আগের অর্থবছরে এটি ছিল ৩০ পয়সা। আলোচিত অর্থবছরে সমন্বিত শেয়ারপ্রতি নগদ প্রবাহ হয়েছে এক টাকা ৩১ পয়সা। গত ৩০ জুন কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য দাঁড়িয়েছে ৫৩ টাকা ৭৭ পয়সা।
স্পন্সরদের হাতে থাকা ৪৯ কোটি ২১ লাখ শেয়ার বাদ দিয়ে সাধারণ শেয়ারহোল্ডারদের জন্য মোট ১৪ কোটি ১৭ লাখ ৮২ হাজার ৫৯১ টাকা নগদ লভ্যাংশ প্রদানের ঘোষণা করেছে। কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৯ ডিসেম্বর সকাল ১০টায় অনুষ্ঠিত হবে।
এজিএম সভার স্থান পরবর্তী সময়ে এজিএম নোটিশের মাধ্যমে জানানো হবে। লভ্যাংশ পাওয়ার যোগ্যতা নির্ধারণে রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ৬ ডিসেম্বর।

নিজস্ব প্রতিবেদক