পুঁজিবাজারে বড় পতন, ডিএসইর মূলধন কমলো ৩ হাজার কোটি টাকা
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সব সূচক পতনে শেষ হয়েছে লেনদেন। আজ রোববার (১৫ মার্চ) প্রধান সূচক ডিএসইএক্স কমেছে ৪৯ পয়েন্ট। এদিন ডিএসইর লেনদেনে অংশ নেওয়া ৬৩ শতাংশ কোম্পানির শেয়ারের দরপতন হয়েছে। গত বৃহস্পতিবারের তুলনায় আজ বাজারে মূলধনের পরিমাণ কমেছে তিন হাজার কোটি টাকা। লেনদেন কমে এদিন ৫২৩ কোটি টাকায় নেমে এসেছে। অপরদিকে এদিন লেনদেনসহ বেশিরভাগ কোম্পানির শেয়ার দর বাড়লেও দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচক ও বাজার মূলধন কমেছে।
অনুসন্ধানে দেখা গেছে, আজ রোববার লেনদেন শুরুতে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স উত্থান চলে আসে। লেনদেন শুরুর পাঁচ মিনিটে ডিএসইএক্স উত্থান হয় ২৪ পয়েন্ট। বেলা বাড়ার পর সূচকটি পতনে আসে। লেনদেন শুরুর ২০ মিনিটে ডিএসইএক্স পতন হয় ২৩ পয়েন্ট। পরে সূচকটির উত্থান ফিরে। লেনদেন শুরুর ৩০ মিনিটে ডিএসইএক্স পতন হয় পাঁচ পয়েন্ট। এরপর সূচকটির পতন বৃত্ত আরও বাড়ে।
এদিন লেনদেন শেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্সের পতন হয়েছে ৪৯ দশমিক ২৬ পয়েন্ট। সূচকটি কমে দিন শেষে দাঁড়ায় পাঁচ হাজার ৩১৯ দশমিক ১৪ পয়েন্টে। এদিন ডিএসইএস সূচক আট দশমিক ২৪ পয়েন্ট কমে দাঁড়ায় এক হাজার ৭১ দশমিক ১৭ পয়েন্টে। এছাড়া ডিএস ৩০ সূচক ২৩ দশমিক ১০ পয়েন্ট কমে দাঁড়ায় দুই হাজার ৪৩ দশমিক ১৪ পয়েন্টে।
আজ ডিএসইতে লেনদেন হয়েছে ৫২৩ কোটি ৫৪ লাখ টাকার শেয়ার। গত বৃহস্পতিবার লেনদেন হয়েছিল ৫৯১ কোটি ৫৭ লাখ টাকার শেয়ার। আজ ডিএসইতে মূলধন দাঁড়িয়েছে সাত লাখ তিন হাজার ৯১০ কোটি ৯৩ লাখ টাকা। গত বৃহস্পতিবার মূলধন ছিল সাত লাখ ছয় হাজার ৯১২ কোটি ৫৭ লাখ টাকা। আজ লেনদেন হওয়া ৩৯০টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মধ্যে দর বেড়েছে ৯৯টির, কমেছে ২৪৬টির এবং শেয়ার দর অপরিবর্তিত রয়েছে ৪৫টির।
আজ লেনদেনের শীর্ষে উঠে এসেছে ওরিয়ন ইনফিউশনের শেয়ার। কোম্পানিটির ২৩ কোটি ৭৮ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়। লেনদেনের শীর্ষে উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে সিটি ব্যাংকের ২১ কোটি ৬২ লাখ টাকা, রবি আজিয়াটার ১৯ কোটি আট লাখ টাকা, সামিট অ্যালায়েন্স পোর্টের ১৮ কোটি ৮৩ লাখ টাকা, ব্র্যাক ব্যাংকের ১৫ কোটি টাকা এবং লাভেলো আইমক্রিমের ১৪ কোটি ১৪ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়। এদিন দর কমার শীর্ষে উঠে এসেছে আইসিবি ইসলামী ব্যাংকের শেয়ার। কোম্পানিটির দর কমেছে পাঁচ দশমিক ৭১ শতাংশ। দর বাড়ার শীর্ষে উঠে এসেছে মার্কেন্টাইল ব্যাংকের শেয়ার। কোম্পানিটির শেয়ার দর বেড়েছে পাঁচ দশমিক ৮১ শতাংশ।
অপরদিকে, সিএসইতে এদিন লেনদেন শেষে প্রধান সূচক সিএএসপিআইয়ের পতন হয় শূন্য দশমিক ৪৭ পয়েন্ট। সূচকটি কমে দিন শেষে দাঁড়ায় ১৪ হাজার ৯৭৯ দশমিক ৫৯ পয়েন্টে। এদিন সিএসই৫০ সূচক চার দশমিক শূন্য ছয় পয়েন্ট কমে দাঁড়ায় এক হাজার ১৪৬ দশমিক ১১ পয়েন্টে। সিএসই-৩০ সূচক ৬৪ দশমিক ৭৪ পয়েন্ট কমে দাঁড়ায় ১৩ হাজার ২৪২ দশমিক ৯৭ পয়েন্টে। সিএসসিএক্স সূচক ১১ দশমিক ২৪ পয়েন্ট কমে দাঁড়ায় ৯ হাজার ১৪৮ দশমিক ৫৫ পয়েন্টে। এছাড়া সিএসআই সূচক চার দশমিক ১৪ পয়েন্ট বেড়ে দাঁড়ায় ৯০৮ দশমিক ৭৭ পয়েন্টে।
এদিন সিএসইতে লেনদেন হয়েছে ৩৫ কোটি ১৩ লাখ টাকার শেয়ার। গত বৃহস্পতিবার লেনদেন হয়েছিল ১৪ কোটি ৯৫ লাখ টাকার শেয়ার। আজ সিএসইতে মূলধন দাঁড়িয়েছে ৯ লাখ সাত হাজার ৩৬২ কোটি ৯৪ লাখ টাকা। গত বুধবার মূলধন ছিল ৯ লাখ সাত হাজার ৮২৪ কোটি ৩৫ লাখ টাকা। আজ সিএসইতে লেনদেন হওয়া ১৬৫টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মধ্যে দর বেড়েছে ৯৪টির, কমেছে ৫২টির ও শেয়ার দর অপরিবর্তিত রয়েছে ১৯টির।
এদিন লেনদেনের শীর্ষে উঠে এসেছে সিটি ব্যাংকের ১৯ কোটি ৫৪ লাখ টাকা, আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ছয় কোটি ৬৩ লাখ টাকা, ওরিয়ন ইনফিউশনের দুই কোটি ৮৬ লাখ টাকা, খান ব্রাদাসের এক কোটি ১৮ লাখ টাকা, শেফার্ড ইন্ডাস্ট্রিজের ৭৭ লাখ টাকা এবং সিমটেক্সের ৫০ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়। এদিন দর কমার শীর্ষে উঠে এসেছে ইনডেক্স এ্যাগ্রোর শেয়ার। কোম্পানিটির দর কমেছে ৯ দশমিক ৯২ শতাংশ। দর বাড়ার শীর্ষে উঠে এসেছে ফাস ফাইন্যান্সের শেয়ার। কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ১০ শতাংশ।

নিজস্ব প্রতিবেদক