বেড়েছে ৬৭ শতাংশ কোম্পানির দর
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সব ধরনের সূচক উত্থানে লেনদেন শেষ হয়েছে আজ বৃহস্পতিবার (১১ ডিসেম্বর)। এদিন প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ২২ পয়েন্ট। লেনদেনে অংশ নেওয়া ৬৭ শতাংশ কোম্পানির শেয়ার দর বেড়েছে। গত বুধববার তুলনায় আজ বাজারে মূলধনের পরিমাণ বেড়েছে দুই হাজার ৮৫৮ লাখ টাকা। লেনদেন কমে এদিন ৪৬৩ কোটি টাকার ঘরে চলে এসেছে।
আজ লেনদেন শুরুর প্রথম ১৩ মিনিটে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স উত্থান হয় ১৯ পয়েন্ট। বেলা বাড়ার পর সূচকটি পতনে ফিরে। লেনদেন শুরুর প্রথম এক ঘণ্টা ২৫ মিনিটে ডিএসইএক্স পতন হয় আট পয়েন্ট। এরপর সূচকটি ফের উত্থানে ওঠে আসে। এদিন লেনদেন শেষে সূচক ডিএসইএক্সের উত্থান হয় ২১ দশমিক ৯৮ পয়েন্ট। সূচকটি বেড়ে দিনশেষে দাঁড়ায় চার হাজার ৯৬৩ দশমিক ৮৩ পয়েন্টে।
ডিএসইএস সূচক দুই দশমিক ৭৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৩৪ দশমিক ৪৬ পয়েন্টে। এছাড়া ডিএস৩০ সূচক চার দশমিক ১৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৯০৩ দশমিক ২৯ পয়েন্টে। আজ লেনদেন হয়েছে ৪৬৩ কোটি ৭৬ লাখ টাকার শেয়ার। আগের কর্মদিবস বুধবার লেনদেন হয়েছিল ৫৩৩ কোটি ৯০ লাখ টাকার শেয়ার। আজ ডিএসইতে মূলধন দাঁড়িয়েছে ছয় লাখ ৮৬ হাজার ৩৬৮ কোটি ২২ লাখ টাকা। গতকাল বুধবার মূলধন ছিল ছয় লাখ ৮৩ হাজার ৫০৯ কোটি ৪৪ লাখ টাকা।
আজ লেনদেন হওয়া ৩৯২টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মধ্যে দর বেড়েছে ২৬২টির, কমেছে ৬৪টির এবং শেয়ার দর অপরিবর্তিত রয়েছে ৬৬টির। আজ লেনদেনের শীর্ষে উঠে এসেছে ওরিয়ন ইনফিউশনের শেয়ার। কোম্পানিটির ১৩ কোটি ৫০ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়। লেনদেনের শীর্ষে উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে মুন্নু ফেব্রিক্সের ১১ কোটি ৬৭ লাখ টাকা, বিডি থাই ফুডের ১১ কোটি ৫৯ লাখ, ডমিনেজ স্টিলের ১০ কোটি ৬৯ লাখ এবং একমি পেস্টিসাইডসের ৯ কোটি ৩৩ লাখ টাকার শেয়ার।
এদিন দর কমার শীর্ষে উঠে এসেছে মেঘনা পেট্রোলিয়ামের শেয়ার। কোম্পানিটির দর কমেছে আট দশমিক শূন্য ৯ শতাংশ। অন্যদিক দর বাড়ার শীর্ষে উঠে এসেছে দেশবন্ধু পলিমারের শেয়ার। কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৯ দশমিক ২৫ শতাংশ।

নিজস্ব প্রতিবেদক