নামমাত্র লভ্যাংশ দেবে পাওয়ার গ্রিড
পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান পাওয়ার গ্রিড বাংলাদেশ সদ্যবিদায়ী ২০২৫-২৬ অর্থবছরের (জুলাই-জুন) ব্যবসায় শেয়ারহোল্ডারদের জন্য পাঁচ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার ঘোষণা করেছে। আজ সোমবার (৯ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
ডিএসই জানায়, পাওয়ার গ্রিডের ২০২৫-২৬ অর্থবছরে শেয়ারপ্রতি মুনাফা হয়েছে তিন টাকা ৮৬ পয়সা। ওই অর্থবছরে শেয়ারপ্রতি নগদ প্রবাহ হয়েছে ১৯ টাকা ৫২ পয়সা। গত ৩০ জুন শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য দাঁড়িয়েছে ১৪৭ টাকা ২৯ পয়সা। ঘোষিত লভ্যাংশসহ অন্যান্য আলোচ্য বিষয় শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য আগামী ৬ ফেব্রুয়ারি সকাল ১০টায় আফতাবনগরে কোম্পানিটির নিজস্ব প্রধান কার্যালয়ে বার্ষিক সাধারণ সভা (এজিএম) ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হবে। শেয়ারহোল্ডার নির্বাচনের রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ১০ ডিসেম্বর।
একইদিনে ডিএসই আরও জানায়, চলতি অর্থবছরের (২০২৬-২৭) প্রথম প্রান্তিক (জুলাই-সেপ্টেম্বর) আর্থিক প্রতিবেদনে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা হয়েছে এক টাকা দুই পয়সা। আগের অর্থবছরের (২০২৫-২৬) একই সময়ে (জুলাই-সেপ্টেম্বর) শেয়ারপ্রতি মুনাফা ছিল তিন টাকা ছয় পয়সা। এ সময়ের ব্যবধানে শেয়ারপ্রতি মুনাফা কমেছে ৬৭ শতাংশ। আলোচিত এই প্রথম প্রান্তিকে শেয়ারপ্রতি নগদ প্রবাহ হয়েছে সাত টাকা ৪৩ পয়সা। আগের অর্থবছর একই সময়ে শেয়ারপ্রতি নগদ প্রবাহ ছিল সাত টাকা এক পয়সা। গত ৩০ সেপ্টেম্বর কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ মূল্য দাঁড়িয়েছে ১৪৯ টাকা ৩৬ পয়সা।

নিজস্ব প্রতিবেদক