মৌসুম শেষে আম খাবেন? জেনে নিন দীর্ঘদিন সংরক্ষণের সহজ কৌশল
গরমকাল এলেই বাজারজুড়ে শুরু হয় ফলের রাজত্ব। পাকা আমের মিষ্টি সুবাস আর রসে ভরা স্বাদ যেন গ্রীষ্মকে আরও উপভোগ্য করে তোলে। ম্যাঙ্গো শেক, স্মুদি, আমের জুস কিংবা নানা রকম ডেজার্ট—সবকিছুতেই তখন আমের জয়জয়কার।
তবে আমপ্রেমীদের এই আনন্দ বেশিদিন স্থায়ী হয় না। আসল আক্ষেপটা শুরু হয় কয়েক মাস পরেই। মৌসুম শেষ হলেই বাজার থেকে হারিয়ে যায় প্রিয় এই ফল, আর আবার সেই স্বাদ পেতে অপেক্ষা করতে হয় প্রায় এক বছর। কিন্তু চাইলে কিছু সহজ উপায়ে আমের স্বাদ ও সতেজতা অনেক মাস ধরে ধরে রাখা সম্ভব।
সঠিক পদ্ধতিতে আম সংরক্ষণ করলে আমের টুকরো ৬ থেকে ৮ মাস পর্যন্ত তার স্বাদ ও গুণমান একেবারে অটুট থাকে। চলুন জেনে নেওয়া যাক আমের টুকরো দীর্ঘদিন সংরক্ষণ করার সেই সহজ উপায়।
সঠিক আম নির্বাচন
দীর্ঘদিন সংরক্ষণ করতে হলে শুরুতেই ভাল মানের ফল বেছে নেওয়াটা জরুরি। এমন আম বাছুন যা পুরোপুরি পাকা এবং মিষ্টি, কিন্তু খুব বেশি নরম, দাগযুক্ত বা পচা নয়। সতেজ এবং ভালো মানের আমই বেশি দিন পর্যন্ত ঠিক থাকে।
পানি দিয়ে ধুয়ে ভাল করে মুছে নিন
ফ্রিজে রাখার আগে আমগুলোকে পরিষ্কার পানিতে খুব ভালো করে ধুয়ে নিন। এরপর একটি শুকনো সুতির কাপড় দিয়ে এমনভাবে আমগুলো মুছতে হবে, যেন আমের গায়ে এক ফোঁটাও পানি না থাকে। আমের গায়ে সামান্য আর্দ্রতা থাকলে ফ্রিজে বরফ জমে যেতে পারে, যা ফলের স্বাদ ও গুণমান নষ্ট করে দেয়।
খোসা ছাড়িয়ে সমান টুকরো করে কাটুন
আম ভাল করে মোছা হয়ে গেলে খোসা ছাড়িয়ে শাঁসটাকে ছোট ছোট বা লম্বা টুকরো করে কেটে নিন। চেষ্টা করবেন টুকরোগুলোর আকার যেন মোটামুটি একই রকম হয়। এতে ফ্রিজে জমতে অনেক সুবিধা হবে।
ট্রে-তে সাজিয়ে রাখুন
কাটা আমের টুকরোগুলোকে একটি বড় ট্রে বা প্লেটে সামান্য দূরত্ব বজায় রেখে সাজান। খেয়াল রাখবেন একটি টুকরোর গায়ে যেন অন্য টুকরো লেগে না থাকে বা একে অপরের ওপর চেপে না থাকে। এরপর ট্রে-টিকে ফুড র্যাপার বা পরিষ্কার পলিথিন দিয়ে ঢেকে দিন।
প্রথমে আলাদাভাবে জমতে দিন
ট্রে-টিকে ৪ থেকে ৫ ঘণ্টা বা সারা রাতের জন্য ফ্রিজে রেখে দিন। এর ফলে আমের টুকরোগুলো আলাদা আলাদাভাবে জমে যাবে এবং একে অপরের সঙ্গে একেবারে চিপকে যাবে না। পরে প্রয়োজন অনুযায়ী খুব সহজেই বের করে নেওয়া যাবে।
এয়ারটাইট ব্যাগে ভরে রাখুন
টুকরোগুলো সম্পূর্ণ জমে গেলে সেগুলো বের করে একটি জিপ-লক ব্যাগ বা এয়ারটাইট পাত্রে ভরে ফেলুন। ব্যাগে প্যাক করার সময় খেয়াল রাখবেন যেন ভেতরের বাতাস যতটা সম্ভব বের করে দেওয়া হয় (ভ্যাকুয়াম করে নেওয়া ভাল)। এতে আম অনেক বেশি দিন সতেজ থাকে।
কতদিন পর্যন্ত ভাল থাকবে?
এই পদ্ধতি সঠিকভাবে মেনে চললে ৬ থেকে ৮ মাস পর্যন্ত আমের টুকরো খারাপ হওয়ার হাত থেকে বাঁচানো সম্ভব। দীর্ঘদিন ধরে ম্যাঙ্গো শেক, স্মুদি, আইসক্রিম ও অন্যান্য রেসিপি তৈরিতে নিশ্চিন্তে ব্যবহার করতে পারবেন এগুলো।
মনে রাখুন একটি জরুরি টিপস
যখনই আম ব্যবহার করবেন, ঠিক যতটুকু প্রয়োজন, ততটুকুই বের করুন। বাকিটা সঙ্গে সঙ্গে আবার ফ্রিজের ভেতর ঢুকিয়ে দিন। রেসিপিতে ব্যবহার করার পাঁচ মিনিট আগে বের করে সাধারণ তাপমাত্রায় রেখে তারপর ব্যবহার করুন।

ফিচার ডেস্ক