ত্বকে গাজরের রস লাগালে কী হয়
বেটা ক্যারোটিন নামক প্রয়োজনীয় উপাদান রয়েছে গাজরে, যা ত্বকের মরা কোষ দূর করে, আর্দ্রতা ধরে রাখে এবং নতুন কোষ তৈরিতে সাহায্য করে। এ ছাড়া এতে প্রচুর পরিমাণে ভিটামিন এ, ডি ও কে রয়েছে যা ত্বকে শক্তিশালী অ্যান্টি-অক্সিডেন্টস হিসেবে কাজ করে। তাই ত্বকের বিভিন্ন সমস্যা সমাধানে নিয়মিত গাজরের রস ব্যবহার করুন।
কীভাবে ত্বকে গাজরের রস ব্যবহার করবেন সে সম্বন্ধে পরামর্শ দেওয়া হয়েছে বোল্ডস্কাই ওয়েবসাইটের জীবনধারা বিভাগে। একনজরে চোখ বুলিয়ে নিন।
ত্বক উজ্জ্বল করার প্যাক
১. প্রথমে একটি বাটিতে দুই টেবিল চামচ গুঁড়ো দুধ ও এক টেবিল চামচ গাজরের রস নিন।
২. এবার একটি কাঁটা চামচ দিয়ে ভালো করে মিশিয়ে ঘন মিশ্রণ তৈরি করুন।
৩. এই প্যাক পাতলা করে মুখে ও গলায় লাগান।
৪. ৩০ মিনিট অপেক্ষা করুন।
৫. এবার হালকা পানি লাগিয়ে পাঁচ মিনিট ম্যাসাজ করুন।
৬. এরপর পানি দিয়ে ধুয়ে ফেলুন। ভালো ফল পেতে এই প্যাক সপ্তাহে অন্তত দুবার ব্যবহার করুন।
ত্বকের শুষ্কতা দূর করার প্যাক
১. একটি বাটিতে এক টেবিল চামচ শসার রসের মধ্যে এক টেবিল চামচ গাজরের রস ও ১০ ফোঁটা আমন্ড অয়েল দিন।
২. সবগুলো উপকরণ আঙুল দিয়ে ভালো করে মিশিয়ে নিন।
৩. এই মিশ্রণ মুখে লাগিয়ে পাঁচ মিনিট ঘুরিয়ে ঘুরিয়ে ম্যাসাজ করুন।
৪. এবার ১৫ মিনিট অপেক্ষা করুন।
৫. এরপর হালকা গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন।
রোদে পোড়া দাগ দূর করার প্যাক
১. প্রথমে একটি বাটিতে ডিমের সাদা অংশ দিন।
২. এখন এর মধ্যে এক চা চামচ মধু, এক চা চামচ গাজরের রস ও এক চা-চামচ টকদই দিন।
৩. একটি কাঁটা চামচ দিয়ে উপাদানগুলো ভালো করে মিশিয়ে নিন।
৪. এই প্যাক মুখে ও গলায় লাগান।
৫. শুকানো পর্যন্ত অপেক্ষা করুন।
৬. এরপর পানি দিয়ে ধুয়ে ফেলুন।

ফিচার ডেস্ক