ওয়াক্সিং করার আগে যা লক্ষ রাখবেন
ওয়াক্সিং করলে প্রায়ই শরীরের ওই অংশগুলোতে জ্বালাপোড়া করে। এর ফলে অনেক নারীই এ কাজে অনিচ্ছা বা ভীতি প্রকাশ করে থাকেন। ওয়াক্সিং-পরবর্তী সমস্যা দূর করতে কিছু পূর্বপ্রস্তুতি নিয়ে রাখা উচিত। এ পদ্ধতি অবলম্বন করলে জ্বালাপোড়া ও রুক্ষতা দূর করার পাশাপাশি ত্বককে মসৃণ রাখতে পারবেন।
ওয়াক্সিং করার আগে যেসব বিষয় লক্ষ রাখতে হবে তার একটি তালিকা প্রকাশ করা হয়েছে টাইমস অব ইন্ডিয়ার রূপচর্চা বিভাগে। চলুন, একনজর দেখে নেওয়া যাক।
১. ওয়াক্সিং করার আগে ত্বক স্ক্রাব করে নিন। স্ক্রাব লোমের মধ্যে আটকে থাকা ময়লা, মৃত কোষ ইত্যাদি দূর করে ত্বককে হালকা করতে সাহায্য করে।
২. ওয়াক্সিং করার জন্য লোম একটি নির্দিষ্ট পরিমাণ লম্বা হতে দিন। ছোট চুল বা লোম ঘনঘন ওয়াক্স করলে অনেক সময় আগা থেকে সম্পূর্ণ ওঠানো যায় না। আর আগা থেকে পরিষ্কার না হলে ত্বক খসখসে ও রুক্ষ দেখায়।
৩. ত্বকে বেবি পাউডার ব্যবহার করতে পারেন। এটি দ্রুত ত্বককে নরম করে তোলে এবং ওয়াক্সের কাজ সহজ করে দেয়। এ ক্ষেত্রে অন্যান্য সুগন্ধিযুক্ত ট্যালকম পাউডার ততটা কার্যকর নয়।
৪. অতিরিক্ত লোশন ব্যবহার না করাই ভালো। ময়েশ্চারাইজার ওয়াক্সিংয়ের কাজটি আরো কঠিন করে দেয়। ওয়াক্সিং করার আগে ত্বককে যতটা সম্ভব শুষ্ক রাখার চেষ্টা করবেন।

সিফাত জাহান সিফা