লাইভ অনুষ্ঠানে মুখে ড্রোনের আঘাত, তড়িঘড়ি মঞ্চ ছাড়েন ‘ধুরন্ধর’ গায়িকা
মঞ্চে গানের তালে নাচছিলেন র্যাপার ও গায়িকা রেবল। দর্শকেরাও মেতে উঠেছিলেন তার পরিবেশনায়। ঠিক তখনই ঘটে অপ্রত্যাশিত এক ঘটনা। হঠাৎ উড়ে আসা একটি ড্রোন সরাসরি আঘাত করে তার মুখে। মুহূর্তেই থেমে যায় গান। হতবাক হয়ে কয়েক মুহূর্ত দাঁড়িয়ে থাকার পর মঞ্চ ছেড়ে চলে যান এই গায়িকা। ভারতের আসাম রাজ্যের গুয়াহাটিতে ঘটে যাওয়া এ ঘটনার ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।
ঘটনাটি গত ২৬ নভেম্বরের। গুয়াহাটির হাতিসিলায় আয়োজিত পালস ২০২৬ অ্যাওয়ার্ড অনুষ্ঠানে পারফর্ম করছিলেন রেবল। ‘রান ডাউন দ্য সিটি’ গান পরিবেশনের সময়ই ড্রোনটি তাঁর মুখে আঘাত করে। অনুষ্ঠানে উপস্থিত এক দর্শক পুরো ঘটনাটি ভিডিও করেন। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশের পর ভিডিওটি ছড়িয়ে পড়ে।
ভিডিওতে দেখা যায়, গানের তালে মঞ্চে নাচছিলেন রেবল। আর ঠিক সেই সময় আচমকাই ড্রোনটি তার মুখে এসে আঘাত করে। এরপর আর কোনো কথা না বলেই কার্যত ভয়ে মঞ্চ থেকে নেমে যান। এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন অনুরাগীরা। দুর্ঘটনার পর তাঁর শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত জানা যায়নি। এ বিষয়ে শিল্পীর পক্ষ থেকেও তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
রেবলের আসল নাম দায়াফি লামারে। ভারতের মেঘালয়ের ওয়েস্ট জয়ন্তিয়া হিলসের নাংবাহ এলাকায় জন্ম ও বেড়ে ওঠা তাঁর। ছোটবেলা থেকেই সংগীতের প্রতি আগ্রহ ছিল। এমিনেম, বিগি ও লিংকিন পার্কের মতো শিল্পীদের সংগীত তাঁকে অনুপ্রাণিত করেছে।
তবে সংগীতের পাশাপাশি পড়াশোনাও চালিয়ে গেছেন তিনি। বেঙ্গালুরুর বিশ্বেশ্বরাইয়া টেকনোলজিক্যাল ইউনিভার্সিটি থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন। ২০১৮ সাল থেকে নিয়মিত সংগীতচর্চা শুরু করেন। পরের বছর ‘দায়া’ নাম বদলে ‘রেবল’ রাখেন।
‘ব্যাড’, ‘রিজনস’, ‘ম্যানিফেস্ট’ ও ‘কিল সুইচ’-এর মতো গানের মাধ্যমে পরিচিতি পান তিনি। তবে ক্যারিয়ারে বড় পরিবর্তন আসে আদিত্য ধর পরিচালিত সিনেমা ‘ধুরন্ধর’-এর গান দিয়ে।
সংগীত পরিচালক শাশ্বত সচদেবের সঙ্গে কাজ করে সিনেমাটির ‘রান ডাউন দ্য সিটি-মনিকা’ গানে কণ্ঠ ও র্যাপ করেন রেবল। এ ছাড়া ‘নাল নাচনা’ এবং ‘মুভ-ইয়ে ইশক ইশক’ গানেও তাঁর অংশগ্রহণ রয়েছে। এসব গানের মাধ্যমে বলিউডের শ্রোতাদের কাছে নতুন করে পরিচিতি পান এই শিল্পী।
প্রসঙ্গত, লাইভ পারফরম্যান্সের সময় ড্রোনের আঘাতে শিল্পীর আহত হওয়ার ঘটনা প্রথম নয়। ২০২৩ সালে ভিআইটি চেন্নাইয়ে পারফর্ম করার সময় গায়ক বেনি দয়াল মাথার পিছনে ও আঙুলে ড্রোনের আঘাতে গুরুতর চোট পেয়েছিলেন। সেই একই বছরে ড্রোনের ধাক্কায় আহত হয়েছিলেন গায়িকা নিকিতা গান্ধীও। রেবলের সঙ্গে ঘটে যাওয়া এই দুর্ঘটনায় ফের প্রশ্নের মুখে লাইভ অনুষ্ঠানে ড্রোন ব্যবহারের নিরাপত্তা এবং দক্ষ অপারেটর নিয়োগের বিষয়।
সূত্র: ইন্ডিয়া টুডে

বিনোদন ডেস্ক