বয়স যেন থমকে গেছে শ্রাবন্তীর, নতুন লুকে মুগ্ধ অনুরাগীরা
টলিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি মানেই ভক্তদের বাড়তি আগ্রহ। অভিনয়ের পাশাপাশি ফ্যাশন ও সৌন্দর্যচর্চা নিয়েও প্রায়ই আলোচনায় থাকেন এই অভিনেত্রী। এবার সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন কিছু ছবি প্রকাশ করে ভক্তদের নজর কেড়েছেন তিনি। ঝলমলে পার্টি লুকে তাঁর উপস্থিতি দেখে অনেকেই বলছেন, বয়স যেন ছুঁতেই পারেনি তাঁকে!
ছবিগুলোর ক্যাপশনে শ্রাবন্তী লিখেছেন, ‘নিজের মতো হওয়ার সিদ্ধান্ত নেওয়ার মুহূর্ত থেকেই সৌন্দর্যের শুরু।’
নতুন ছবিতে কালো রঙের ওয়ান শোল্ডার পোশাকে দেখা গেছে অভিনেত্রীকে। পোশাকের ওপরের অংশে সোনালি, রুপালি ও কালো রঙের মেটালিক সিকুইন ও বিডসের কারুকাজ অনুরাগীদের নজর কেড়েছে। নকশায় কোথাও জ্যামিতিক আকৃতি, আবর কোথাও আঁকাবাঁকা রেখার সমন্বয়ে তৈরি পোশাকটিতে ফুটে উঠেছে আভিজাত্য। এক কাঁধ ঢাকা, অন্য কাঁধ খোলা রাখার নকশা তাঁর সাজে যোগ করেছে বাড়তি আকর্ষণ।
পোশাকের সঙ্গে কালো রঙের লম্বা স্কার্ট পরেছেন তিনি। স্কার্টের এক পাশে ঝুলন্ত ট্যাসেল পুরো সাজে এনেছে ভিন্ন মাত্রা। গয়নার ক্ষেত্রেও ছিল রুচিশীলতার ছাপ। কানে পাথর বসানো ঝুলন্ত দুল, হাতে সোনালি ব্রেসলেট ও ঘড়ি এবং আঙুলে বিভিন্ন নকশার আংটি তার সাজকে করেছে আরও আকর্ষণীয়। পোশাকের কারুকাজের সঙ্গে গয়নাগুলোর সমন্বয়ও ছিল নজরকাড়া।
শুধু তাই নয় চুলের সাজেও হাফ আপডু স্টাইল বেছে নিয়েছেন অভিনেত্রী। পেছনের কিছু চুল বেঁধে বাকিটা রেখেছেন খোলা। চোখের সাজে ছিল স্মোকি মেকআপের ছোঁয়া। আইলাইনার ও কাজলের স্মোকি ছোঁয়ায় চোখের সৌন্দর্য আরও ফুটিয়ে তুলেছেন তিনি। এর সঙ্গে গালে হালকা ব্লাশ এবয়ং ঠোঁটে ন্যুড ব্রাউন গ্লসি লিপ কালার তার পুরো লুকে যোগ করেছে বাড়তি সৌন্দর্য।
প্রসঙ্গত, ২০০৭ সালে অভিনয়জগতে যাত্রা শুরু করেন শ্রাবন্তী। এরপর একের পর এক সিনেমায় অভিনয় করে টলিউডে নিজের অবস্থান তৈরি করেন। পর্দার বাইরেও ব্যক্তিগত জীবন নিয়ে বিভিন্ন সময়ে আলোচনায় এসেছেন তিনি। মাত্র ১৬ বছর বয়সে প্রথম বিয়ে করেন অভিনেত্রী। পরে আরও দুবার বিয়ের পিঁড়িতে বসলেও শেষ পর্যন্ত তিনটি সম্পর্কই বিচ্ছেদে গড়ায়। ব্যক্তিগত জীবনের নানা চড়াই-উতরাই পেরিয়ে নিজের মতো করে এগিয়ে চলেছেন শ্রাবন্তী।

বিনোদন ডেস্ক