নতুন গানে স্পটিফাইয়ে রেকর্ড টেইলর সুইফটের
নতুন গান প্রকাশ করেই স্পটিফাইয়ে রেকর্ড গড়েছেন মার্কিন পপ তারকা টেইলর সুইফট। তাঁর নতুন গান ‘পেশেন্ট জিরো’ মুক্তির প্রথম দিনেই চলতি বছরে নারী শিল্পীদের মধ্যে এক দিনে সবচেয়ে বেশি স্ট্রিমিং পাওয়া গানের রেকর্ড গড়েছে। একই দিনে নারী শিল্পীদের মধ্যে সবচেয়ে বেশি স্ট্রিমিংও পেয়েছেন সুইফট। খবর মার্কিন সংবাদমাধ্যম দ্য ইন্ডিপেনডেন্টের।
২৫ সেপ্টেম্বর প্রকাশিত হয়েছে সুইফটের নতুন অ্যালবাম ‘দ্য লাইফ অব আ শোগার্ল: দ্য এনকোর’। এতে রয়েছে চারটি নতুন গান। এগুলো হলো ‘পেশেন্ট জিরো’, ‘ক্লিভল্যান্ড!’, ‘পিংক ক্লাউডিং’ ও ‘ব্যাবিলন’। এটি ২০২৫ সালে প্রকাশিত ‘দ্য লাইফ অব আ শোগার্ল’ অ্যালবামের সম্প্রসারিত সংস্করণ।
নতুন গানগুলো তৈরিতে সুইফটের সঙ্গে কাজ করেছেন সংগীত প্রযোজক ম্যাক্স মার্টিন ও শেলব্যাক।
গান প্রকাশের আগেও ভক্তদের কৌতূহল বাড়িয়েছিলেন সুইফট। সামাজিক যোগাযোগমাধ্যমে ‘ও’ অক্ষরের বদলে ‘০’ ব্যবহারসহ নানা ইঙ্গিত দিয়েছিলেন তিনি। পরে সেই ইঙ্গিতের সূত্র ধরেই নতুন গানের খবর বুঝতে পারেন ভক্তরা।
‘পেশেন্ট জিরো’র মিউজিক ভিডিওতেও থাকছে চমক। এতে অভিনয় করেছেন ডাকোটা জনসন ও কলিন ফারেল। ভিডিওটি পরিচালনা করেছেন সুইফট নিজেই। সিবিএস ও এমটিভি জানিয়েছে, ২৭ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে বসবে জনপ্রিয় সংগীত পুরস্কার এমটিভি ভিডিও মিউজিক অ্যাওয়ার্ডস বা ভিএমএ। সেখানেই ভিডিওটির প্রথম প্রদর্শনী হবে।
এবারের ভিএমএতে নয়টি বিভাগে মনোনয়ন পেয়েছেন সুইফট। এর পাশাপাশি প্রথমবার দেওয়া ‘শিল্পী-পরিচালক সম্মাননা’ পাচ্ছেন তিনি।

বিনোদন ডেস্ক