২১ শতকের সেরা টিভি সিরিজ ‘ব্রেকিং ব্যাড’
একুশ শতকের সেরা টিভি সিরিজ হিসেবে নির্বাচিত হয়েছে জনপ্রিয় মার্কিন সিরিজ ‘ব্রেকিং ব্যাড’। পাঁচ শতাধিক অভিনেতা, লেখক, প্রযোজক, সিরিজ নির্মাতা ও টেলিভিশন অঙ্গনের অন্যান্য পেশাজীবীর ভোটে তালিকাটি তৈরি করেছে মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস।
নিউইয়র্ক টাইমসের এই জরিপে ২০০০ সালের জানুয়ারি থেকে সম্প্রচার শুরু হওয়া সিরিজগুলোর মধ্যে অংশগ্রহণকারীদের নিজেদের পছন্দের ১০টি সিরিজ বেছে নিতে বলা হয়। সেই ভোটের ভিত্তিতে তৈরি ১০০ সিরিজের চূড়ান্ত তালিকায় শীর্ষে রয়েছে ভিন্স গিলিগানের ‘ব্রেকিং ব্যাড’।
তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ‘দ্য ওয়্যার’, তৃতীয় ‘ম্যাড মেন’। এরপর আছে ‘সাকসেশন’, ‘ফ্লিব্যাগ’, ‘গেম অব থ্রোনস’, ‘ভিপ’, ‘৩০ রক’, ‘কার্ব ইয়োর এনথুসিয়াজম’ ও ‘আটলান্টা’।
জরিপে অংশ নেওয়া ব্যক্তিদের মধ্যে ছিলেন এলিজাবেথ মস, অ্যাডাম স্কট, ব্রায়ান ক্র্যানস্টন, রোজ বাইর্ন, কোলম্যান ডোমিঙ্গো ও জেসন বেটম্যান। ছিলেন ‘লস্ট’ ও ‘দ্য লেফটওভারস’-এর নির্মাতা ডেমন লিন্ডেলফ, লেনা ডানহ্যাম, লেনা ওয়েইথ ও নোয়া হাওলির মতো শোরানাররাও।
২০০৮ থেকে ২০১৩ সাল পর্যন্ত এএমসিতে প্রচারিত হয় ‘ব্রেকিং ব্যাড’। সিরিজটির গল্প ওয়াল্টার হোয়াইট নামের এক রসায়ন শিক্ষককে ঘিরে। ক্যানসারে আক্রান্ত হওয়ার পর পরিবারের ভবিষ্যৎ আর্থিকভাবে নিরাপদ করতে মাদক ব্যবসায় জড়িয়ে পড়েন তিনি। ধীরে ধীরে সাধারণ এক শিক্ষক থেকে অপরাধজগতের শক্তিশালী চরিত্রে পরিণত হয় ওয়াল্টারের জীবন।
সিরিজটিতে ওয়াল্টার হোয়াইট চরিত্রে অভিনয় করেছেন ব্রায়ান ক্র্যানস্টন। তার সাবেক ছাত্র ও সহযোগী জেসি পিঙ্কম্যানের চরিত্রে ছিলেন অ্যারন পল। পাঁচ মৌসুমে মোট ৬২টি পর্ব প্রচারের পর ২০১৩ সালে শেষ হয় সিরিজটি।
‘ব্রেকিং ব্যাড’-এর জনপ্রিয়তা পরে আরও বিস্তৃত হয়। সিরিজটির গল্পকে সামনে রেখে ২০১৯ সালে মুক্তি পায় ‘এল ক্যামিনো: আ ব্রেকিং ব্যাড মুভি’। পাশাপাশি বব ওডেনকার্ক অভিনীত ‘বেটার কল সল’ তৈরি হয়, যেখানে ‘ব্রেকিং ব্যাড’-এর আইনজীবী সল গুডম্যানের গল্প দেখানো হয়। নিউইয়র্ক টাইমসের নতুন তালিকায় ‘বেটার কল সল’ রয়েছে ২৭ নম্বরে।
তালিকায় আরও বেশ কিছু আলোচিত সিরিজ জায়গা করে নিয়েছে। ‘দ্য অফিস’ রয়েছে ১১ নম্বরে, যুক্তরাজ্যের ‘দ্য অফিস’ ১৬ নম্বরে। ‘অ্যান্ডর’ ৩২, ‘ওয়াচম্যান’ ৩৯ এবং ‘টুইন পিকস: দ্য রিটার্ন’ রয়েছে ৪৭ নম্বরে।
এ তালিকায় ২০২০ সালের পর মুক্তি পাওয়া বেশ কিছু সিরিজও জায়গা পেয়েছে। ফলে একুশ শতকের বিভিন্ন সময়ে আলোচিত ও প্রশংসিত টেলিভিশন সিরিজগুলোই উঠে এসেছে এই তালিকায়। নাটক, কমেডি, সীমিত সিরিজ ও রিয়েলিটি শোসহ বিভিন্ন ধরনের অনুষ্ঠানকে জরিপের আওতায় রাখা হয়েছে।

বিনোদন ডেস্ক