কোক স্টুডিও বাংলার নতুন গান ‘মথুরা’, অপূর্ণ ভালোবাসার গল্প
কোক স্টুডিও বাংলা সিজন ৪-এর পঞ্চম গান ‘মথুরা’ মুক্তি পেয়েছে। অঙ্কন কুমার রায়ের কথা ও সুরে তৈরি গানটিতে উঠে এসেছে এমন এক ভালোবাসার গল্প, যা অনুভূতিতে গভীর হলেও বাস্তব জীবনে পূর্ণতা পায়নি।
‘মথুরা’ মূলত সেমি-ক্লাসিক্যাল ঘরানার গান। দুটি মানুষ একে অপরের কাছাকাছি থেকেও যখন ভিন্ন পথে এগিয়ে যায়, সেই না-পাওয়ার বেদনা ও অপূর্ণতার অনুভূতিই গানের মূল বিষয়। রাধা-কৃষ্ণ, রোমিও-জুলিয়েট কিংবা লায়লা-মজনুর মতো চিরন্তন প্রেমের গল্পে যে আকুলতা দেখা যায়, ‘মথুরা’তেও সেই আবহ খুঁজে পাওয়া যায়।
গানটিতে কণ্ঠ দিয়েছেন সানজিদা মাহমুদ নন্দিতা ও অঙ্কন কুমার রায়। সংগীতায়োজন করেছেন শুভেন্দু দাস শুভ। দুই শিল্পীর কণ্ঠে বিরহ, না-বলা কথা এবং হারিয়ে যাওয়া ভালোবাসার অনুভূতি নতুন মাত্রা পেয়েছে।
‘মথুরা’র গানে এমন এক সম্পর্কের গল্প বলা হয়েছে, যার পরিণতি হয়তো একসঙ্গে পথচলায় নয়। তবু সেই সম্পর্কের স্মৃতি থেকে যায় দীর্ঘদিন। কখনো কবিতায়, কখনো সুরে, আবার কখনো মনের গভীরে।
কোক স্টুডিও বাংলার এবারের মৌসুমে ভিন্নধর্মী সংগীত আয়োজনের ধারাবাহিকতায় ‘মথুরা’ও শ্রোতাদের সামনে তুলে ধরেছে ভালোবাসার আরেকটি পরিচিত, কিন্তু চিরন্তন গল্প—যেখানে পাওয়া নয়, বরং না-পাওয়াই হয়ে ওঠে সবচেয়ে গভীর অনুভূতি।

বিনোদন ডেস্ক