ভয়েস অব বাংলাদেশ: গ্র্যান্ড ফিনালের মঞ্চে লড়বে সেরা ১০ ফাইনালিস্ট
বিশ্বমঞ্চে লাল-সবুজের পতাকা তুলে ধরার এক ঐতিহাসিক যাত্রার অন্তিম মুহূর্তে এসে পৌঁছেছে ‘ইউরোভিশন সং কনটেস্ট এশিয়া ২০২৬’।
প্রথমবারের মতো আয়োজিত এই প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করার গৌরব অর্জন করতে চূড়ান্ত লড়াইয়ে নামছেন দেশের সেরা ১০ জন ফাইনালিস্ট। আগামী ৩০ সেপ্টেম্বর রাত ৯ টায় অনুষ্ঠিত হতে যাওয়া এই গ্র্যান্ড ফিনালের মধ্য দিয়ে নির্ধারিত হবে আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের কণ্ঠস্বর কে হবেন।
বহুপ্রতীক্ষিত এই গ্র্যান্ড ফিনালের জমকালো আয়োজনে উপস্থাপনা করবেন জনপ্রিয় সংগীতশিল্পী ও উপস্থাপক তাহসান খান। বঙ্গ এর প্রযোজনায় বিশ্বসেরা এই শো-টি সরাসরি স্ট্রিম হবে বঙ্গ-এর প্ল্যাটফর্মে। একইসঙ্গে টেলিভিশন পার্টনার হিসেবে এনটিভি-র পর্দায় সরাসরি সম্প্রচারিত হবে শো-টি। আগামী ৩০ সেপ্টেম্বর রাত ৯টায় শুরু হতে যাওয়া এই আয়োজন দেশ ও বিদেশের কোটি কোটি দর্শককে সরাসরি দেখার সুযোগ করে দেবে বঙ্গ ও এনটিভি।
এক নজরে সেরা ১০ ফাইনালিস্ট
বাংলাদেশের হয়ে বিশ্বমঞ্চে লড়াইয়ের টিকিট পেতে চূড়ান্ত পর্বে মুখোমুখি হচ্ছেন যাঁরা:
· কৃষান বর্মন
· সাবকনশাস
· পুলক অধিকারী
· লুবাইনা আফনান
· বেনজির জিলানী
· নাইম ইমরান শারৎ
· নুসরাত জাহান (কৃতি)
· ভিনটেজ থিওরি
· বিটমসফিয়ার
· দি কুশিয়ারা ওয়েভস
অভিজ্ঞ জুরি প্যানেল ও বিচারকমণ্ডলী
সেরা প্রতিযোগী বেছে নিতে বিচারক হিসেবে দায়িত্ব পালন করছেন বাংলাদেশের সংগীত ও সংস্কৃতি অঙ্গনের পাঁচ খ্যাতনামা ব্যক্তিত্ব:
· ফাহমিদা নবী
· বাপ্পা মজুমদার
· আঁখি আলমগীর
· হামিন আহমেদ
· শওকত আলী ইমন
দেশসেরা এই শিল্পীদের পাশাপাশি বিচার প্রক্রিয়ায় সমান গুরুত্ব থাকছে বাংলাদেশসহ বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা দর্শকদের ভোটের।
থিম সং ও ব্যাংকক মিশন
গ্র্যান্ড ফিনালের রোমাঞ্চ ও উন্মাদনা আরও বাড়িয়ে দিতে বঙ্গ সম্প্রতি প্রকাশ করেছে এই প্রতিযোগিতার অফিশিয়াল থিম সং ‘ভয়েস অফ বাংলাদেশ’, যা সংগীতপ্রেমীদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। এই গ্র্যান্ড ফিনালে থেকে বিজয়ী প্রতিযোগী বা ব্যান্ড আগামী ১৪ নভেম্বর থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিতব্য মূল ‘ইউরোভিশন সং কনটেস্ট এশিয়া গ্র্যান্ড ফিনালে’-তে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার সুযোগ অর্জন করবে।
সরাসরি উপভোগ ও ভেন্যু তথ্য
যেসব সংগীতপ্রেমী শুধু টেলিভিশনে বা অনলাইনে নয়, বরং সশরীরে আইসিসিবি ভেন্যুতে উপস্থিত থেকে এই জমকালো আয়োজনের সাক্ষী হতে চান, তারা অফিশিয়াল ইভেন্ট পেজের মাধ্যমে রেজিস্ট্রেশন করে অংশ নিতে পারবেন। প্রতিযোগিতার আপডেট, লাইভ স্ট্রিম এবং ভোটিং সংক্রান্ত বিস্তারিত জানতে ভিজিট করুন বঙ্গ-এর অফিশিয়াল ওয়েবসাইট www.bongobd.com অথবা তাদের অফিশিয়াল সোশ্যাল মিডিয়া পেজে।

বিনোদন ডেস্ক