১৫০ কোটি থেকে ‘টক্সিক’-এর ওটিটি প্রস্তাব এখন ৩০ কোটি!
ইয়াশ অভিনীত বহুল আলোচিত সিনেমা ‘টক্সিক: এ ফেয়ারি টেল ফর গ্রোন-আপস’ বক্স অফিসে প্রত্যাশা পূরণ করতে পারেনি। এবার সিনেমাটির ওটিটি স্বত্ব নিয়েও দেখা দিয়েছে বড় ধাক্কা। মুক্তির আগে যে স্বত্বের জন্য ১৫০ কোটি রুপির প্রস্তাব এসেছিল, সেটিই এখন নেমে এসেছে প্রায় ৩০ কোটি রুপিতে—এমন দাবি করা হয়েছে ভারতীয় সংবাদমাধ্যম বলিউড হাঙ্গামার প্রতিবেদনে।
‘টক্সিক’-এর ওটিটি স্বত্ব এখনো চূড়ান্তভাবে বিক্রি হয়নি। প্রতিবেদনে বলা হয়েছে, সিনেমাটির সব ভাষার পোস্ট-থিয়েট্রিক্যাল স্ট্রিমিং স্বত্বের জন্য এখন বিভিন্ন প্ল্যাটফর্মের কাছ থেকে সর্বোচ্চ প্রায় ৩০ কোটি রুপির প্রস্তাব পাওয়া যাচ্ছে। অর্থাৎ ৩০ কোটি রুপি কোনো চূড়ান্ত চুক্তির মূল্য নয়, বরং বর্তমানে পাওয়া প্রস্তাবের পরিমাণ।
এর আগে সিনেমাটি মুক্তির আগে একটি শীর্ষস্থানীয় ওটিটি প্ল্যাটফর্ম থেকে প্রায় ১৫০ কোটি রুপির প্রস্তাব পেয়েছিল বলে জানিয়েছিল ‘বলিউড হাঙ্গামা’। তবে নির্মাতারা এর চেয়ে অনেক বেশি, ২০০ কোটি রুপির ওপরে মূল্য চেয়েছিলেন। সিনেমাটি প্রেক্ষাগৃহে বড় সাফল্য পাবে এবং পরবর্তী সময়ে ওটিটি স্বত্বের দাম আরও বাড়বে—এমন প্রত্যাশা ছিল নির্মাতাদের।
কিন্তু মুক্তির পর নেতিবাচক দর্শক প্রতিক্রিয়ার প্রভাব পড়ে সিনেমাটির ব্যবসায়। প্রত্যাশার তুলনায় বক্স অফিসে দুর্বল পারফরম্যান্সের কারণে এর ডিজিটাল স্বত্বের বাজারমূল্যও উল্লেখযোগ্যভাবে কমে গেছে বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, ‘টক্সিক’-এর নির্মাতারা এখনো ওটিটি চুক্তি চূড়ান্ত করেননি। ফলে শেষ পর্যন্ত কোন প্ল্যাটফর্ম কত টাকায় সিনেমাটির স্বত্ব কিনবে, সেটি এখনো নিশ্চিত নয়।
প্রায় ৫০০ কোটি রুপি বাজেটের সিনেমাটি ঘিরে মুক্তির আগে ছিল বড় প্রত্যাশা। যশের পাশাপাশি এতে অভিনয় করেছেন নয়নথারা, কিয়ারা আদভানি, তারা সুতারিয়া, হুমা কুরেশি ও রুক্মিণী বসন্ত। গীতু মোহনদাস পরিচালিত সিনেমাটি মুক্তির পর সেই প্রত্যাশা পূরণ করতে না পারায় এখন প্রেক্ষাগৃহের পাশাপাশি ওটিটি বাজারেও বড় আর্থিক চাপের মুখে পড়েছে।

বিনোদন ডেস্ক