প্রান্তর-ইউমনার ‘এভাবেও প্রেম আসে’
একসঙ্গে জুটি বেঁধে কাজ করেছেন লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতার শীর্ষ পাঁচে থাকা অভিনেত্রী নুসরাত আফরিন ইউমনা এবং অভিনেতা প্রান্তর দস্তিদার। সানজিদ খান প্রিন্স পরিচালিত ‘এভাবেও প্রেম আসে’ নামের একটি বিশেষ টেলিফিল্মে দেখা যাবে তাদের।
সম্প্রতি রাজধানীর উত্তরার বিভিন্ন মনোরম লোকেশনে টেলিফিল্মটির দৃশ্যধারণের কাজ শেষ হয়েছে। বর্তমানে এটি সম্পাদনার টেবিলে রয়েছে, দ্রুতগতিতে চলছে কালার গ্রেডিং ও ব্যাকগ্রাউন্ড মিউজিকের চূড়ান্ত কাজ। সব প্রস্তুত হলে বিশেষ কোনো দিবসে টেলিফিল্মটি প্রচারের দিনক্ষণ ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্মাতা।
পারভেজ ইমামের রচনায় ‘এভাবেও প্রেম আসে’ টেলিফিল্মটি গতানুগতিক ধারার বাইরে তৈরি একটি নিছক ও নিখাদ প্রেমের গল্পের ওপর ভিত্তি করে নির্মিত। এতে প্রান্তর দস্তিদার ও নুসরাত আফরিন ইউমনা ছাড়াও গুরুত্বপূর্ণ বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আজম খান, হারুন রশীদ বান্টি, সিয়াম নাসির, জাস মান্নাত, মো. আনোয়ার হোসেন এবং শিশু শিল্পী আয়াতসহ আরও অনেকে।

বিনোদন ডেস্ক