প্রেমের কথা প্রকাশ্যে আনলেন ‘ধুম ৩’ খ্যাত অভিনেতা সিদ্ধার্থ
দীর্ঘ দিনের জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে নিজেদের সম্পর্কের কথা প্রকাশ্যে আনলেন শিশুশিল্পী হিসেবে ক্যারিয়ার শুরু করা অভিনেতা সিদ্ধার্থ। গত শুক্রবার রাতে ইনস্টাগ্রামে রিয়া নামের এক তরুণীর সঙ্গে একটি রোমান্টিক ছবি শেয়ার করে অনুরাগীদের এই খুশির খবর জানান তিনি।
একটি দীর্ঘ ও আবেগঘন বার্তায় সিদ্ধার্থ জানান, তাঁদের প্রথম দেখা হয়েছিল ২০২৪ সালে, যা ছিল সম্পূর্ণ আকস্মিক এবং পূর্বপরিকল্পনাহীন। এতদিন নিজেদের সম্পর্ককে একান্তই ব্যক্তিগত পরিসরে এবং লোকচক্ষুর অন্তরালে রেখেছিলেন তাঁরা। তবে তাঁদের এই সম্পর্ক জীবনে যে গভীর ভালবাসা, উষ্ণতা এবং অর্থ নিয়ে এসেছে, তার কিছুটা অংশ এ বার অনুরাগীদের সঙ্গেও ভাগ করে নিতে চেয়েছেন অভিনেতা। পোস্টের শেষে তিনি লেখেন, “কোনও ভাবে আমরা একে অন্যকে খুঁজে পেয়েছি। আর তার জন্য আমরা চিরকাল কৃতজ্ঞ থাকব।”
অভিনেতার এই যুগলবন্দি ছবি এবং আনুষ্ঠানিক ঘোষণার পরই শুভেচ্ছায় ভেসে গিয়েছে তাঁর মন্তব্যবাক্স। সাধারণ অনুরাগীদের পাশাপাশি বিনোদন জগতের বহু পরিচিত মুখও নতুন জুটিকে ভালোবাসা ও শুভকামনায় ভরিয়ে দিয়েছেন।
উল্লেখ্য, শিশুশিল্পী হিসেবে অভিনয়জগতে পা রেখেছিলেন সিদ্ধার্থ। ২০১৩ সালে ব্লকবাস্টার ছবি ‘ধুম ৩’-এ আমির খানের সঙ্গে কাজ করে নজর কেড়েছিলেন তিনি। এ ছাড়াও ‘মহাকুম্ভ: এক রহস্য, এক কাহিনি’ এবং ‘অশোক সম্রাট’ এর মতো জনপ্রিয় ধারাবাহিকেও অভিনয় করেছেন সিদ্ধার্থ। এ বার অভিনয় জগতের বাইরে তাঁর ব্যক্তিগত জীবনও এক নতুন ও সুন্দর মোড় নিল।

বিনোদন ডেস্ক