মা হারালেন ব্যান্ড তারকা হাসান
জনপ্রিয় ব্যান্ড তারকা হাসানের মা রৌশনারা আজিজ (৮৬) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল সোমবার (৪ মে) দুপুর সাড়ে ১২টায় মৃত্যু হয়েছে তার। এদিন বাদ মাগরিব রাজধানীর লালমাটিয়া বিবি মসজিদে মরদেহের জানাজা অনুষ্ঠিত হয়। পরে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে তাকে দাফন করা হবে বলে জানানো হয়।
সামাজিক যোগাযোগমাধ্যমে খবরটি জানিয়েছেন আর্ক ব্যান্ডের সদস্য টিংকু আজিজুর রহমান।
ফেসবুক স্ট্যাটাসে তিনি লিখেছেন, ‘ভীষণ ভারাক্রান্ত হৃদয়ে জানাচ্ছি, আমাদের সবার প্রিয় আর্ক ব্যান্ডের হাসান ভাইয়ের মা রৌশনারা আজিজ আজ দুপুর সাড়ে ১২টায় ইন্তেকাল করেছেন। মায়ের বিদায়ে একজন মানুষের পৃথিবী কতটা শূন্য হয়ে যায়, তা ভাষায় প্রকাশ করার মতো নয়। হাসান ভাই এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের এই কঠিন সময়ে আমরা গভীর সমবেদনা প্রকাশ করছি।’
ব্যান্ড তারকার মায়ের জন্য দোয়া চেয়ে তিনি লিখেছেন, ‘আমাদের আর্ক ব্যান্ডের সবার পক্ষ থেকে বিনীত অনুরোধ, আপনারা সবাই হাসান ভাইয়ের আম্মার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া করবেন। মহান আল্লাহ তাআলা যেন তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং শোকাতুর পরিবারকে এই অপূরণীয় ক্ষতি সইবার শক্তি দান করেন। সবাই তার জন্য দোয়া করবেন।’
এদিকে সংগীত পরিচালক টিংকু আজিজুর রহমানের ওই পোস্টে মন্তব্যের ঘরে ইন্ডাস্ট্রির সহকর্মী এবং তাদের ভক্ত-শুভাকাঙ্ক্ষীরা শোক প্রকাশ করেছেন।

বিনোদন ডেস্ক