ভোট দিয়ে মমতাকে দেবী দুর্গা, বিজেপিকে অসুর বললেন শুভশ্রী
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে ভোট দিয়েছেন টলিউড অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী। গতকাল বুধবার সকাল সাতটার দিকে রাজ চক্রবর্তীর সঙ্গে আরবানার বুথে ভোট দেন অভিনেত্রী। ব্যারাকপুরে স্বামীর সঙ্গে গিয়ে ভোটাধিকার প্রয়োগের পরই মমতা বন্দ্যোপাধ্যায়কে দেবী দুর্গার সঙ্গে তুলনা করেন শুভশ্রী আর বিজেপিকে লক্ষ্য করে কড়া মন্তব্য করেন এই অভিনেত্রী।
এদিন আরবানার বুথে স্বামী রাজ চক্রবর্তীকে পাশে নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভিনেত্রী বলেন, ‘প্রতিবার মা দুর্গার সঙ্গে প্রচুর মহিষাসুররা লড়াই করতে আসে, কিন্তু জয় হয় মা দুর্গারই।...’
তার এই বক্তব্যে ‘মহিষাসুর’ শব্দটি দিয়ে তিনি যে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)-কেই ইঙ্গিত করেছেন, তা সহজেই অনুমেয়। সবাই বুঝতে পেরেছেন, মমতাকে ‘দেবী দুর্গা’ বলে বিজেপিকে ‘অসুর’ বললেন শুভশ্রী। এ নিয়ে ট্রলের বন্যা বইছে পশ্চিমবঙ্গজুড়ে।
আগামী ৪ মে যে বিজেপির বিরুদ্ধে জয়লাভ হবেই, এমনটাই মত অভিনেত্রীর। বিধানসভা নির্বাচনের ফলাফলের দিকে যে এই মুহূর্তে গোটা দেশ তাকিয়ে, তা বলাই বাহুল্য। তবে নির্বাচনী ফলাফল নিয়ে যে শুভশ্রী গাঙ্গুলী আশাবাদী, সেটা তার মন্তব্যেই স্পষ্ট।
এদিকে, এবারের বিধানসভা নির্বাচনে ফের বারাকপুর কেন্দ্রে তৃণমূলের ‘তুরুপের তাস’ রাজ চক্রবর্তী। দিন দুয়েক আগেই সংশ্লিষ্ট কেন্দ্রে রাজ-রাজত্ব ফেরাতে স্বামী রাজের হয়ে ভোটপ্রচারে গিয়েছিলেন শুভশ্রী গাঙ্গুলী। সে সময়ে বারাকপুরকে ‘দ্বিতীয় ঘর’ বলেও সম্বোধন করেন ভক্তদের ‘লেডি সুপারস্টার’।
প্রসঙ্গত, এবারের নির্বাচনে ভোটার উপস্থিতি ছিল রেকর্ডসংখ্যক। দ্বিতীয় দফায় প্রায় ৯২ শতাংশ ভোট পড়েছে বলে জানা গেছে। বিভিন্ন বুথফেরত জরিপে ভিন্ন ভিন্ন আভাস মিলছে। কিছু জরিপে বিজেপি এগিয়ে থাকার ইঙ্গিত থাকলেও অন্যগুলোতে তৃণমূলের জয়ের সম্ভাবনাই বেশি দেখানো হয়েছে।

বিনোদন ডেস্ক