আলোচনায় ‘জখম’—কী আছে এই নাটকে?
প্রকাশের এক দিনের মধ্যেই ৪০ লাখের বেশি দর্শক—এই সংখ্যাই বলে দিচ্ছে ‘জখম’ নিয়ে কেন এত আলোচনা। সামাজিক যোগাযোগমাধ্যমজুড়ে ভাসছে দর্শকদের নানা প্রতিক্রিয়া, যেখানে উঠে আসছে গল্পের তীব্রতা আর উপস্থাপনার প্রভাব।
নাটকের কেন্দ্রে রয়েছে গ্রামের মধ্যবিত্ত পরিবারের মেয়ে রাইসা। স্বভাবে কিছুটা চাপা হওয়ায় সহজে কারও সঙ্গে মিশতে পারে না সে। অন্যদিকে পার্থ, এক সম্ভ্রান্ত যৌথ পরিবারের প্রাণবন্ত ছেলে। দুই ভিন্ন জগতের এই মানুষ একসময় ভালোবাসার বন্ধনে জড়িয়ে পড়ে। কিন্তু গল্প এগোয় এক ভয়াবহ ঘটনার দিকে—ধর্ষণ এবং তার পরবর্তী প্রতিশোধের পথে।
এই সংবেদনশীল বিষয়কে কেন্দ্র করে নির্মিত ‘জখম’ এক দিনেই ইউটিউবে ৪০ লাখের বেশি ভিউ পেরিয়েছে। দর্শকদের মন্তব্যে উঠে এসেছে নানা অনুভূতি। কেউ লিখেছেন, ‘খুব শক্তিশালী উপস্থাপনা, সমাজের অন্ধকার দিকটা স্পষ্ট করে দেখিয়েছে’। আবার কেউ বলেছেন, ‘হাজারো নির্যাতিত নারীর বাস্তবতা তুলে ধরার জন্য ধন্যবাদ’।
অভিনয় নিয়েও প্রশংসা কম নয়। বিশেষ করে পার্থ চরিত্রে তৌসিফ মাহবুবের অভিনয় অনেক দর্শকের নজর কেড়েছে। এক দর্শক মন্তব্য করেছেন, ‘তৌসিফের অভিনয়ে মুগ্ধ’। পরিচালকের কাজ নিয়েও ইতিবাচক প্রতিক্রিয়া এসেছে।
নাটকটি পরিচালনা করেছেন ইমরাউল রাফাত। তিনি জানান, এটি মূলত প্রতিশোধের গল্প। ধর্ষণের শিকার নারীদের সমাজে দেখার দৃষ্টিভঙ্গি এবং অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের বার্তা তুলে ধরার চেষ্টা করা হয়েছে এতে। এক দিনেই এত দর্শক পাওয়া প্রসঙ্গে তিনি বলেন, ‘এ থেকেই বোঝা যায় দর্শক কাজটি গ্রহণ করেছেন’।
‘জখম’-এ রাইসা চরিত্রে অভিনয় করেছেন তানজিম সাইয়ারা তটিনী এবং পার্থ চরিত্রে তৌসিফ মাহবুব। এছাড়া আরও রয়েছেন লুৎফর রহমান জর্জ, মনিরা আক্তার মিঠু, আনোয়ার শাহী, সাবিহা জামান, রিমু রেজা খন্দকার ও ইসরাত অতিথি।

বিনোদন ডেস্ক