২৬ তারিখ রাশমিকা–বিজয়ের বিয়ে, আয়োজনে কি থাকছে?
দীর্ঘদিনের জল্পনা-গুঞ্জনের অবসান ঘটিয়ে অবশেষে নিজেদের সম্পর্কের পরিণতির কথা জানালেন দক্ষিণি অঙ্গনের আলোচিত জুটি রাশমিকা মান্দানা ও বিজয় দেবরাকোন্ডা। এত দিন ব্যক্তিগত জীবন নিয়ে নীরব থাকলেও রোববার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে যৌথ বার্তায় তাঁরা জানান, জীবনের নতুন অধ্যায়ে পা রাখতে যাচ্ছেন। ভক্তদের দীর্ঘ প্রতীক্ষার পর এই ঘোষণায় মিলেছে আনুষ্ঠানিক স্বীকৃতি।
ভক্তদের দেওয়া নাম ‘বিরোশ’—দুজনের নাম মিলিয়ে তৈরি এই সম্বোধন—বিয়ের ঘোষণায়ও তুলে ধরেছেন তাঁরা। বার্তায় লিখেছেন, ‘আমরা কিছু পরিকল্পনা করার আগেই তোমরা আমাদের সঙ্গে ছিলে। অনেক ভালোবাসা দিয়ে আমাদের নাম দিয়েছিলে—বিরোশ।’ জীবনের গুরুত্বপূর্ণ এই মুহূর্তে সেই নাম ধারণ করেই ভক্তদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তাঁরা।
ঘনিষ্ঠ সূত্রের তথ্য অনুযায়ী, ২৬ ফেব্রুয়ারি রাজস্থানের একটি প্রাসাদে অনুষ্ঠিত হবে মূল আনুষ্ঠানিকতা। ২৪ ফেব্রুয়ারি থেকে শুরু হবে বিভিন্ন আচার-অনুষ্ঠান। দুই পরিবারের রীতিনীতি মেনে আলাদা আয়োজনও রাখা হয়েছে। পুরো আয়োজন ঘিরে থাকছে কড়া গোপনীয়তা—অতিথির তালিকা সীমিত, অনুষ্ঠানস্থলে মুঠোফোন নিষিদ্ধ, এমনকি ছবি বা ভিডিও ধারণের সঙ্গে যুক্ত ব্যক্তিদের গোপনীয়তা চুক্তিতে সই করতে হয়েছে। নিরাপত্তা ব্যবস্থাপনাও রাখা হয়েছে সর্বোচ্চ পর্যায়ে।
তবে বিয়ের মূল পর্ব থাকবে ব্যক্তিগত পরিসরে। শোনা যাচ্ছে, ৪ মার্চ হায়দরাবাদে ঘনিষ্ঠ বন্ধু ও সহকর্মীদের জন্য সংবর্ধনার আয়োজন হতে পারে, যদিও এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।
পর্দায় তাঁদের প্রথম একসঙ্গে দেখা যায় গীতা গোবিন্দাম-এ। সেখানকার রসায়ন দর্শকের নজর কাড়ে। পরে ডিয়ার কমরেড-এ আবারও জুটি বাঁধেন তাঁরা। দুটি কাজের পর থেকেই ব্যক্তিগত সম্পর্ক নিয়ে আলোচনা শুরু হয়। একসঙ্গে বিদেশ ভ্রমণ, পারিবারিক অনুষ্ঠানে উপস্থিতি কিংবা একই সময়ে একই স্থানে ছুটি কাটানোর ছবি—সব মিলিয়ে গুঞ্জন জোরদার হয়, যদিও দুজনেই বরাবর ছিলেন সংযত।
সম্প্রতি বাগ্দানের গুঞ্জনও ছড়িয়েছিল। তবু সরাসরি কিছু বলেননি কেউ। শেষ পর্যন্ত নিজেদের মুখেই বিয়ের ঘোষণা আসায় বহুদিনের অনিশ্চয়তার ইতি টানল এই জুটি।
তারকাদের জাঁকজমকপূর্ণ আয়োজনের ভিড়ে তাঁদের সংযত ও নিয়ন্ত্রিত প্রস্তুতি আলাদা করে নজর কাড়ছে। আলোচনার কেন্দ্রে থাকা এই সম্পর্ক এবার আনুষ্ঠানিকভাবে নতুন পথে যাত্রা শুরু করতে যাচ্ছে। এখন অপেক্ষা—২৬ ফেব্রুয়ারির পর তাঁদের পক্ষ থেকে প্রকাশিত প্রথম ছবির।

বিনোদন ডেস্ক