আবারও শুরু হবে সেলিব্রিটি ক্রিকেট লিগ
মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে শুরু হওয়া সেলিব্রিটি ক্রিকেট লিগ ২০২৩ গত ২৯ সেপ্টেম্বর অনাকাঙ্ক্ষিত এক ঘটনার কারণে সাময়িক স্থগিত হয়।
আয়োজকদের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল মঙ্গলবার (৩ অক্টোবর) জানানো হয়, সকল দলের ক্যাপ্টেন এবং আয়োজক কমিটি জেনারেশন নেক্সট (জিনেক্সট) এই সিধান্তে উপনীত হয়েছে, ঠিক যেখান থেকে গ্রুপ পর্বের খেলা বন্ধ হয়েছিল সেখান থেকেই শুরু হবে এই খেলা। যা মাসের ১৫ থেকে ২০ তারিখের মধ্যে শুরু হবে।
খেলায় যারা বিশৃঙ্খলা সৃষ্টি করেছে তাদের বিরুদ্ধে দেশের প্রচলিত আইনে আয়োজক জিনেক্সট ইতোমধ্যে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেছে।
মোট ৮ দলে ভাগ হয়ে বিনোদন অঙ্গনের তারকা ও কলাকুশলীদের অংশগ্রহণে শুরু হয়েছিল সেলিব্রেটি ক্রিকেট লিগ। প্রতি দলে নারী-পুরুষ তারকারা অংশ নিয়েছেন ১৮ জন করে।
এসব দলের নেতৃত্বে আছেন গিয়াস উদ্দিন সেলিম, সালাহউদ্দিন লাভলু, শিহাব শাহীন, চয়নিকা চৌধুরী, দীপংকর দীপন, সকাল আহমেদ, মোস্তফা কামাল রাজ ও রায়হান রাফী।

ইউনাইটেড নিউজ অব বাংলাদেশ (ইউএনবি)