‘বেফাঁস’ মন্তব্য করে সমালোচনায় শাহরুখ
ফিল্মি জীবনের বাইরে ঠাট্টা-মশকরাতে নাকি তাঁর জুড়ি নেই, দাবি কিং খান ভক্তদের। কথাটা মিথ্যেও নয় বটে! নানা আচার-অনুষ্ঠানে ভক্তদের সঙ্গে তাঁর বিভিন্ন রসাত্মক উক্তি আর ছোট ছোট কৌতুক বেশ উপভোগ করেন দর্শক। তবে এমন হাসিঠাট্টা করতে গিয়ে এবার এক বেফাঁস মন্তব্য করে একটু বিপাকেই পড়েছেন শাহরুখ খান।
সম্প্রতি ‘শি ওয়াকস্, শি টকস’ নামে একটি বই বাজারে আসে। বেশ কয়েকজন নারীর সাফল্যমণ্ডিত জীবন নিয়ে বইটি লেখেন ভারতীয় লেখিকা গুঞ্জন জৈন। এই বইটির মোড়ক উন্মোচন অনুষ্ঠানে যোগ দেন শাহরুখ খান।
অনুষ্ঠান চলাকালে বক্তৃতা দিচ্ছিলেন শাহরুখ। এমন সময় গুঞ্জন উঠে দাঁড়ালে তাঁকে উদ্দেশ্য করে শাহরুখ বলেন, ‘দয়া করে তুমি দাঁড়িও না। যদিও এটা ঠিক না, তবুও আমি যখন কথা বলি, তখন মেয়েরা চুপচাপ বসে থাকাই ভালো।’
পরক্ষণেই আবার শাহরুখ বলেন, ‘আমি আসলে মজা করলাম, এতে গভীরভাবে নেওয়ার কিছুই নেই। তবে আমি জানি, এটা বলে আমি নিজেকে ঝামেলায় জড়ালাম।’
অনুষ্ঠানে সাধারণ দর্শকদের সঙ্গে উপস্থিত ছিলেন আরো অনেক অতিথি। শাহরুখের এই ‘ঠাট্টা’ অনেকেই সহজভাবে নেননি। এমনই কয়েকজনের মধ্যে ছিলেন আইনজীবী ও সমাজকর্মী আভা সিং।
ঘটনার পরপর এক টুইটার পোস্টে আভা বলেন, ‘শাহরুখ যা বলেছেন, তা নারী মর্যাদার জন্য হানিকর। সংবাদমাধ্যমগুলোর উচিত ব্যাপারটির ওপরে আলোকপাত করা।’
বলিউড খানদের মধ্যে এ ধরনের ঘটনা কিন্তু এই প্রথম নয়। ‘সুলতান’ মুক্তির কিছুদিন আগে নিজেকে ধর্ষিত নারীর সঙ্গে তুলনা করে বেশ সমালোচিত হয়েছেন সালমান খান।

শেখ নিয়াম