তুরস্কে গিয়ে আটকা টালিউডের শিল্পী দল
তুরস্কে শুটিং করতে গিয়ে আটকে পড়েছে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের অভিনেতা-অভিনেত্রী ও কলাকুশলীদের একটি দল।
দেশটিতে সেনা অভ্যুত্থানের ফলে সৃষ্ট বিশৃঙ্খল পরিস্থিতিতে ৩৫ জন কলাকুশলী আটকা পড়েছেন। ইস্তাম্বুল শহরে একরকম অবরুদ্ধ অবস্থায় আছেন পশ্চিমবঙ্গের বিধায়ক অভিনেতা ব্রাত্য বসু, মিমি চক্রবর্তী, পরিচালক বিরসা দাশগুপ্তসহ কলা কুশলীরা।
বিরসা দাশগুপ্তের একটি ছবির জন্য শুটিংয়ে তুরস্কে গেছেন তাঁরা। গতকাল শুক্রবার তুরস্কে গিয়ে দলটির সঙ্গে সবশেষ যোগ দেন ব্রাত্য বসু।
তুরস্কে সেনা অভুত্থানে এরই মধ্যে মৃত্যু হয়েছে অন্তত ৯০ জনের। আহত হয়েছেন এক হাজারের বেশি মানুষ।
ছবির প্রযোজনা সংস্থা ভেঙ্কটেশ ফিল্মসের পক্ষ থেকে জানানো হয়েছে, সুস্থ রয়েছেন তুরস্কে শুটিংয়ে অংশ নিতে যাওয়া প্রত্যেক শিল্পী ও কলাকুশলী। তবে ছবির শুটিংয়ের কাজ আপাতত বন্ধ রয়েছে। শহরের একটি হোটেলে আটকে রয়েছে গোটা টিম।
পরিচালক বিরসা দাশগুপ্ত এক টুইটার বার্তায় জানিয়েছেন, তাঁরা ভালোই আছেন। তবে বাইরে যেতে পারছেন না।
এদিকে টালিউডের শিল্পী ও কলাকুশলীরা তুরস্কে গিয়ে আটকে পড়েছেন জানতে পেরেই তাঁদের দেশে ফিরিয়ে আনতে উদ্যোগ নিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ বিষয়ে ভারতের কেন্দ্রীয় বিদেশ মন্ত্রনালয়ের সঙ্গে যোগাযোগ করা হয়েছে বলে পশ্চিমবঙ্গের মুখ্য প্রশাসনিক দপ্তর নবান্নের একটি সূত্র জানিয়েছে। তবে তুরস্কে বিমান যোগাযোগ শুরু হলেই শিল্পীদের দেশে ফিরিয়ে আনা হবে বলে জানানো হয়েছে।

কলকাতা সংবাদদাতা