‘প্রেমম’-এর রিমেকে শ্রুতি?
বলিউডে তেমন সুবিধা করতে না পারলেও কমল হাসানের মেয়ে শ্রুতি হাসানের দক্ষিণী ইন্ডাস্ট্রিতে ব্যস্ততার কমতি নেই। মালয়লাম ব্লকবাস্টার ছবি ‘প্রেমম’-এর রিমেকে অভিনয়ের কথা উঠেছে এই আবেদনময়ী অভিনেত্রীর। তেলেগু রিমেকে এই ছবির নাম করা হচ্ছে ‘মজনু’। এনডিটিভির খবরে জানা গেল, এ বছরের শেষ বা আগামী বছরের শুরুতেই ছবির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে।
ছবিতে নায়কের চরিত্র অবশ্য এর মধ্যে ঠিকঠাক হয়ে গেছে। অক্ষিণেই নাগা চৈতন্য এই ছবির নায়ক। ছবি নিয়ে এখনো বিস্তারিত কোনো ঘোষণা হয়নি। প্রোডাকশন টিমের একজন জানিয়েছেন, ছবির অফিশিয়াল টাইটেল করা হয়েছে ‘মজনু’। আগামী বছরের শুরুর দিকে ছবির কাজ শুরু করার কথা, পারলে এ বছরের শুরুতেই কাজ শুরু করে দেওয়া হবে।
ছবির পরিচালক চান্দু মন্দেতি। ছবিতে এর মধ্যে আমিরা দস্তু ও অনুপমার কাস্টিং নিশ্চিত হয়ে গেছে। তাঁরা দুজনেই প্রধান নারী চরিত্রে অভিনয় করবেন। ছবির তিন নম্বর নারী চরিত্রের জন্য শ্রুতির দিকে নজর নির্মাতাদের। এ ছাড়া গুজব রয়েছে, এই ছবির জন্য নাকি পরিণীতি চোপড়াকেও হিসাবে রেখেছেন তাঁরা!
সূত্রের কাছ থেকে আরো জানা গেল, ‘শ্রুতি হাসান এই ছবিতে তৃতীয় নায়িকা হিসেবে অভিনয় করছেন। কথা চলছে, কিন্তু এখনো কোনো কিছু নিশ্চিত হয়নি।’ মালয়লাম ফিল্ম ইন্ডাস্ট্রিতে এ সময়ে ‘প্রেমম’ সবচেয়ে ব্যবসাসফল ছবি। ‘তেলেগু’ ছবিটি নিয়েও এ জন্য প্রচুর গুঞ্জন।
ছবিটি প্রযোজনা করবেন এস রাধা কৃষ্ণ।

সামি আল মেহেদী