সরকার সাড়ে ১৫শ’ কোটি টাকা কৃষি ঋণ মওকুফ করেছে : প্রধানমন্ত্রীর উপদেষ্টা
প্রধানমন্ত্রীর অর্থ ও পকিল্পনা বিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেছেন, বর্তমান সরকারের মন্ত্রপরিষদের প্রথম বৈঠকে সাড়ে ১৫০০ কোটি টাকার কৃষি ঋণ মকুফ করা হয়েছে। বাংলাদেশের ইতিহাসে এমন ঘটনা একবারই ঘটেছিল মরহুমা বেগম খালেদা জিয়া যখন প্রধানমন্ত্রী ছিলেন তখন, তিনি ৫ হাজার টাকা করে কৃষি ঋণ মওকুফ করেছিলেন।
আজ বৃহস্পতিবার (১৪ মে) রাতে রাজধানীর তেজগাঁওয়ে দর্শক নন্দিত বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভির উদ্যোগে আয়োজিত জনপ্রিয় ‘কেমন বাজেট চাই’ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী উপদেষ্টা এই কথা বলেন।
প্রধানমন্ত্রীর অর্থ ও পকিল্পনা বিষয়ক উপদেষ্টা বলেন, দায়িত্ব নেওয়ার ১৩ দিনের মধ্যে আমরা ফ্যামিলি কার্ডের ঘোষণা দিয়েছি। আমরা বাংলাদেশের আবহমান সংস্কৃতিতে বিশ্বাস করি, একই সঙ্গে আন্তর্জাতিকতায় বিশ্বাস করি। এ জন্য আমরা পহেলা বৈশাখে কৃষক কার্ড উদ্বোধন করেছি।
ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন, বাংলাদেশে অনেক অর্জন হয়েছে কিন্তু কৃষককে কেউ মর্যাদা দেয়নি। একটা ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে অনেক কিছু লাগে। এবার তফসিলি ব্যাংক কৃষকের কাছে গেছে।
অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা বলেন, আমরা যেহেতু বিভাজনের রাজনীতি পছন্দ করি না, সে জন্য মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর মাজার জিয়ারতের মাধ্যমে আমাদের প্রধানমন্ত্রী এই কার্ড উদ্বোধন করেছেন।
প্রধানমন্ত্রীর অর্থ ও পকিল্পনা উপদেষ্টা আরও বলেন, আমাদের দেশে তালিকাভুক্তির ক্ষেত্রে দুটি ত্রুটি হয়। যার তালিকাভুক্তি হওয়ার কথা ছিল তিনি তালিকা ভুক্ত হন না, যার তালিকা ভুক্ত হওয়ার কথা ছিল না তিনি তালিকা ভুক্ত হন। এটাকে আমরা নিরসন করেছি বিজ্ঞান ভিত্তিক স্কোরের মাধ্যমে। এই স্কোর হলে তিনি ফ্যামিলি কার্ড বা কৃষক কার্ড পাবেন।

নিজস্ব প্রতিবেদক