ঘোষণার আড়ালে সিগারেট কারখানা, আমদানি মূল্যেও বড় গরমিল
চট্টগ্রাম বন্দরে প্যাকিং ও র্যাপিং মেশিন আমদানির ঘোষণার আড়ালে সিগারেট উৎপাদন ও প্যাকেটজাতকরণের পূর্ণাঙ্গ প্ল্যান্ট আনার ঘটনা উদ্ঘাটন করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)। চালানটি পরীক্ষা করে সিগারেট তৈরি ও প্যাকেটজাতকরণের সাতটি মেশিন শনাক্ত করা হয়েছে। প্রাথমিকভাবে ছয়টি মেশিনের তথ্য পাওয়া গেলেও বিস্তারিত পরীক্ষায় একটি অতিরিক্ত মেশিনের সন্ধান মেলে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) জনসংযোগ কর্মকর্তা মো. আল আমিন এ তথ্য জানিয়েছেন।
মো. আল আমিন বলেন, ঢাকার মিরপুরের আমদানিকারক প্রতিষ্ঠান জেআর বিজনেস ওয়ার্ল্ড সংযুক্ত আরব আমিরাতের আলী ইন্ডাস্ট্রিজ লিমিটেড থেকে এসব যন্ত্রপাতি আমদানি করে। গত ৪ নভেম্বর চট্টগ্রাম কাস্টম হাউসে দাখিল করা সি-১৩২১৮৭৮ নম্বর বিল অব এন্ট্রিতে চালানটি বিএনসি প্যাকিং লাইন মেশিন সেট হিসেবে ঘোষণা দেওয়া হয়। ছয়টি প্যাকেজে আনা পণ্যগুলোর জন্য প্যাকিং ও র্যাপিং মেশিনের এইচএস কোড ৮৪২২৪০০০ ব্যবহার করা হয়।
কাস্টমস গোয়েন্দাদের পরীক্ষায় চালানে পাওয়া যায় এইচপিএল ২২৫ সিগারেট মেকার, এইচপিএল প্যাকার, এইচপিএল ফিডার, এইচপিএল গ্লুইং মেশিন, সিপি১ সিগারেট প্যাক র্যাপিং মেশিন, এসএএসআইবি বক্সার সিগারেট প্যাকিং মেশিন এবং সিগারেট ফিল্ম ওভারর্যাপার বা সেলোফেন ওভারর্যাপার। শুধু প্যাকেটজাতকরণ নয়, সিগারেট উৎপাদনের মূল যন্ত্রপাতিও রয়েছে চালানে। চালানটির ঘোষিত ইনভয়েস মূল্য ১৭ হাজার ৬০০ মার্কিন ডলার। তবে সিআইআইডির প্রাথমিক মূল্যায়নে ওয়েবসাইটভিত্তিক তুলনামূলক মূল্য পাওয়া গেছে চার লাখ ৪৩ হাজার ডলার, যা ঘোষিত মূল্যের প্রায় ২৫গুণ। অবশ্য মেশিনগুলোর মডেল, বয়স, অবস্থা ও তুলনাযোগ্য আমদানি মূল্য যাচাইয়ের পরই চূড়ান্ত শুল্কায়নযোগ্য মূল্য নির্ধারণ করা হবে।
আমদানি নথি অনুযায়ী, চালানটির মোট ওজন পাঁচ হাজার ৫০০ কেজি এবং নিট ওজন পাঁচ হাজার ২২৬ কেজি। পণ্য খালাসের দায়িত্বে রয়েছে সিঅ্যান্ডএফ এজেন্ট এক্সপ্রেস লজিস্টিকস লিমিটেড। রপ্তানিকারক প্রতিষ্ঠানটির মূল ব্যবসা তামাক উৎপাদন ও তামাকশিল্পের যন্ত্রপাতি সরবরাহ।
সিআইআইডির পর্যবেক্ষণ অনুযায়ী, দেশে সিগারেট উৎপাদনের যন্ত্রপাতি আমদানির ক্ষেত্রে সংশ্লিষ্ট উৎপাদনকারী প্রতিষ্ঠান অথবা তাদের অনুমোদিত সরবরাহকারীর মাধ্যমে আমদানির বিষয়টি নিশ্চিত করা প্রয়োজন। একই সঙ্গে আমদানিকারক, প্রকৃত ক্রেতা ও চূড়ান্ত ব্যবহারকারীর পরিচয় এবং উৎপাদনকারী প্রতিষ্ঠানের সঙ্গে তাদের সংশ্লিষ্টতা যাচাই জরুরি।
অধিদপ্তরের আশঙ্কা, এ ধরনের যন্ত্রপাতি অননুমোদিতভাবে আমদানি ও ব্যবহার করা হলে সুপরিচিত ব্র্যান্ডের নকল সিগারেট উৎপাদন ও বাজারজাত করার সুযোগ তৈরি হতে পারে। এতে ভোক্তারা প্রতারিত হওয়ার পাশাপাশি বৈধ উৎপাদনকারী প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত এবং সরকার বিপুল রাজস্ব থেকে বঞ্চিত হতে পারে।
সিআইআইডি জানায়, প্যাকিং মেশিনের ঘোষণায় সিগারেট উৎপাদনের পূর্ণাঙ্গ যন্ত্রপাতি আমদানির ঘটনায় পণ্যের ঘোষণার যথার্থতা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে। আমদানিকারকের দেওয়া তথ্য, পণ্যের সঠিক শ্রেণিবিন্যাস, প্রকৃত মূল্য, প্রযোজ্য শুল্ক-কর এবং যন্ত্রপাতির চূড়ান্ত ব্যবহার নিয়ে বিস্তারিত তদন্ত চলছে। তদন্ত শেষে সংশ্লিষ্ট সবাইকে অবহিত করা হবে। সিগারেট খাতে সঠিক রাজস্ব আদায় নিশ্চিত করা এবং নকল সিগারেট উৎপাদন ও বাজারজাতকরণ প্রতিরোধে অভিযান অব্যাহত থাকবে।

নিজস্ব প্রতিবেদক