টানা তিন দফায় কমল স্বর্ণের দাম, ভরি কত?
দেশের বাজারে টানা তিন দফায় স্বর্ণের গহনার দাম কমেছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম কমেছে দুই হাজার ২১৬ টাকা। এতে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের গহনার দাম নির্ধারণ করা হয়েছে দুই লাখ ২১ হাজার ৯৬৬ টাকা। স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের দাম কমানো হয়।
আজ বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ১০টা থেকে এই দাম কার্যকর হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
আজ বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটি বৈঠকে এই দাম কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন সই করা এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
নতুন দাম অনুযায়ী, বৃহস্পতিবার সকাল থেকে ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের গহনার দাম নির্ধারণ করা হয়েছে দুই লাখ ১১ হাজার ৯৯৩ টাকা। এছাড়া ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণের গহনার দাম নির্ধারণ করা হয়েছে এক লাখ ৮২ হাজার ৭৫ টাকা। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের গহনার দাম নির্ধারণ করা হয়েছে এক লাখ ৪৮ হাজার ৭৭৪ টাকা।
গতকাল বুধবার ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের গহনার দাম ছিল দুই লাখ ২৪ হাজার ১৮২ টাকা। ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের গহনার দাম ছিল দুই লাখ ১৪ হাজার ৯৩ টাকা। এছাড়া ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণের গহনার দাম ছিল এক লাখ ৮৩ হাজার ৮৮৩ টাকা। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের গহনার দাম ছিল এক লাখ ৫০ হাজার ২৩২ টাকা।
এর আগে গত শুক্রবার (৬ নভেম্বর) ও বুধবার (১১ নভেম্বর) দুই দফায় কমানো হয় স্বর্ণের দাম।

নিজস্ব প্রতিবেদক