‘মানবিক ও কল্যাণকর রাষ্ট্র গঠনে পদক্ষেপ নিচ্ছে সরকার’
প্রধানমন্ত্রীর অর্থ ও পকিল্পনা উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেছেন, মানবিক, গণতান্ত্রিক এবং কল্যাণকর রাষ্ট্র গঠনের লক্ষ্য আমাদের প্রতিটি পদক্ষেপে প্রতিফলিত হচ্ছে।
আজ বৃহস্পতিবার (১৪ মে) দেশের জনপ্রিয় বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভির ‘কেমন বাজেট চাই’ অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর উপদেষ্টা এ কথা বলেন।
ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন, সবার বিষয়টি জানা আছে, বাংলাদেশের অর্থনীতিকে কিসের মধ্যে রেখে ফ্যাসিবাদী সরকার চলে গেছে। পরবর্তীতে অন্তর্বর্তী সরকারের সময়ে অর্থনীতিতে নিম্ন গতি ছিল সে সম্পর্কে আমরা সবাই অবগত। আমরা যে বিষয়টি করতে চাই তা হচ্ছে, বৈধতা এবং জনগণের প্রতি দায়বদ্ধতা নিয়ে জণগণের প্রত্যাশা পূরণের কাজ। তাই জনগণের অংশগ্রহণের লক্ষ্যে আলোচনা ও সমালোচনা শোনার সেই সক্ষমতা থাকা দরকার। তার আলোকেই নির্বাচনি ইশতেহারে আমরা কতগুলো বিষয় উল্লেখ করেছি। পুরো অর্থনৈতিক কৌশল আমরা উল্লেখ করেছি এবং সংস্কার সম্পর্কে আমাদের বক্তব্য পরিষ্কার করেছি।
প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা বলেন, আমাদের ইশতেহারে পাঁচটি অধ্যায় ছিল। প্রথম হচ্ছে রাষ্ট্রীয় ব্যবস্থার সংস্কার, দ্বিতীয় হলো বৈষম্যহীন আর্থসামাজিক উন্নয়ন ও রাষ্ট্রীয় সক্ষমতা বৃদ্ধি। তৃতীয় হলো ভঙ্গুর অর্থনীতির পুনরুদ্ধার ও পুর্নগঠন। চতুর্থ হলো সমতা ভিত্তিক আঞ্চলিক উন্নয়ন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হলো বিভাজন নয় সংহতি প্রতিষ্ঠা করা এবং অগ্রগতি ত্বরান্বিত করা।
প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, ইতোমধ্যে আপনারা জানেন প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় পরিচালনার মধ্যে তার ভিশন উল্লেখ করেছেন। সেখানে বাংলাদেশ মুক্তিযুদ্ধের চেতনা থেকে চব্বিশের গণঅভ্যুত্থানের সকল চেতনা ধারণ করে। এজন্য তিনি উল্লেখ করেছেন মানবিক, গণতান্ত্রিক ও কল্যাণকর রাষ্ট্র গঠনের বিষয়টি এবং আমাদের প্রতিটি পদক্ষেপে তা প্রতিফলিত হচ্ছে।

নিজস্ব প্রতিবেদক