পদ্মা সেতু এলাকায় দুপক্ষের সংঘর্ষে নিহত ১
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে নিজামউদ্দিন মৃধা (৪০) নামের এক ব্যক্তি মারা গেছেন। গুরুতর আহত অবস্থায় ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়। আজ রোববার (২৯ নভেম্বর) ভোরে পদ্মা সেতুসংলগ্ন ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের শরীয়তপুরের জাজিরা উপজেলার নাওডোবা ও মাদারীপুরের শিবচরের কুতুবপুর সীমানা এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
সংঘর্ষ চলাকালে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া এবং বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। নিহত নিজামউদ্দিন মৃধা মাদারীপুরের শিবচর উপজেলার কুতুবপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের শামছুদ্দিন মৌলভীকান্দি এলাকার দাদন মৃধার ছেলে।
খোঁজ নিয়ে জানা গেছে, রোববার ভোররাতে পদ্মা সেতুসংলগ্ন ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের মাদারীপুরের শিবচরের কুতুবপুর ও জাজিরার নাওডোবা অংশে বিক্ষোভ মিছিল বের করেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। এ সময় তাদের হাতে দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা ছিল।
ভোরে ওই এলাকায় বিএনপি ও আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় জাজিরা উপজেলার এক যুবলীগ কর্মীসহ কয়েকজন গুরুতর আহত হন। আহতদের মধ্যে শিবচরের কুতুবপুর এলাকার নিজামউদ্দিন মৃধা গুলিবিদ্ধ হন।
মাদারীপুরের শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বলেন, ঘটনাস্থল জাজিরার নাওডোবা এলাকায়। সেখানে দুপক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ শিবচর উপজেলার এক বাসিন্দা ঢাকা নেওয়ার পথে মারা গেছেন বলে জানা গেছে। যেহেতু ঘটনাস্থল জাজিরা থানা এলাকায়, তাই এ বিষয়ে ওই থানা থেকে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এম. আর. মুর্তজা, মাদারীপুর