চাঁদপুরে কাভার্ডভ্যান-সাইকেল সংঘর্ষে কিশোর নিহত, সড়ক অবরোধ
চাঁদপুরের শাহরাস্তিতে কাভার্ডভ্যানের সঙ্গে সাইকেলের মুখোমুখি সংঘর্ষে ফয়সাল (১৭) নামের এক কিশোর নিহত হয়েছে। দুর্ঘটনার প্রতিবাদে বিক্ষুব্ধ এলাকাবাসী প্রায় তিন ঘণ্টা কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এতে সড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
আজ শনিবার (২৮ নভেম্বর) সকালে শাহরাস্তি উপজেলার উয়ারুক এলাকার রাড়া কাজীবাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত ফয়সাল উপজেলার আজাগোড়া গ্রামের মোল্লাবাড়ির করিম মোল্লার ছেলে। তিনি উয়ারুক বাজারের স্বপ্ন সুপারশপে কর্মরত ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে সাইকেল নিয়ে মহাসড়ক দিয়ে যাওয়ার সময় রাড়া কাজীবাড়ির সামনে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ডভ্যানের সঙ্গে ফয়সালের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লায় পাঠানো হয়, তবে সেখানে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।
ফয়সালের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে ক্ষুব্ধ এলাকাবাসী মহাসড়কে জড়ো হয়ে অবরোধ ও বিক্ষোভ শুরু করেন। এতে কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং দীর্ঘ যানজটে আটকা পড়ে দুর্ভোগে পড়েন যাত্রী ও চালকেরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিক্ষুব্ধদের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে অবরোধ তুলে নেওয়া হলে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
শাহরাস্তি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান বলেন, দুর্ঘটনাস্থল থেকে কাভার্ডভ্যানটি জব্দ করা হয়েছে এবং এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।

জাবেদ হোসাইন, চাঁদপুর (হাজীগঞ্জ-কচুয়া-শাহরাস্তি)