পাবনায় বালুবাহী ট্রাকচাপায় নিহত ২
পাবনার চাটমোহরে বালুবাহী ট্রাকচাপায় দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। আজ রোববার (২৯ নভেম্বর) সকাল ৬টার দিকে উপজেলার মথুরাপুর ভাদড়া বাইপাস মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- চাটমোহর উপজেলার শুকুরভাঙ্গা গ্রামের অটোভ্যান চালক আব্দুল মমিন (৩০) ও মহেলা গ্রামের কৃষক নজরুল ইসলাম (৭০)। এ ঘটনায় আহত হাফিজুল ইসলাম (৪০) ও মোজাম আলীকে (৪৫) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে আব্দুল মোমিনের অটোভ্যানে করে কৃষিপণ্য বিক্রির জন্য চাটমোহরের অমৃতকুণ্ডা (রেলবাজার) হাটে যাচ্ছিলেন নজরুল ইসলাম, তার ছেলে হাফিজুর রহমানসহ চারজন। পথে ভাদড়া বাইপাস মোড়ে পৌঁছালে ভ্যানটির পেছনের চাকার অ্যাক্সেল ভেঙে সেটি সড়কের ওপর উল্টে যায়। এ সময় বাঘাবাড়ী থেকে আসা একটি বালুবাহী ট্রাক ভ্যানটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই নজরুল ইসলাম ও আব্দুল মোমিনের মৃত্যু হয়।
চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অলিউর রহমান বলেন, ট্রাকচালক ও হেলপার ট্রাক ফেলে পালিয়ে গেছেন। খবর পেয়ে চাটমোহর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ দুটি উদ্ধার করে। ট্রাক ও অটোভ্যান জব্দ করা হয়েছে। এখন পর্যন্ত কেউ কোনো অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ বি এম ফজলুর রহমান, পাবনা