ব্ল্যাকমেইল করে নারীর কাছ থেকে ২০ লাখ টাকা আদায়, যুবক গ্রেপ্তার
গাড়ি চালানো শেখানোর নামে গোপনে এক নারীর আপত্তিকর ছবি ও ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে প্রায় ২০ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) একটি দল। আজ শনিবার (২৮ নভেম্বর) বেলা আড়াইটার দিকে এসআরবি-১৪-এর ময়মনসিংহ কার্যালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তার যুবকের নাম আশরাফুল আলম (৩০)। গতকাল শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে ময়মনসিংহ নগরীর বয়ড়া ছালাকান্দি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় ব্ল্যাকমেইলের কাজে ব্যবহৃত দুটি মুঠোফোন ও একটি সিম কার্ড জব্দ করা হয়েছে।
মামলার এজাহার ও বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, ২০২১ সালে ভুক্তভোগী নারীকে গাড়ি চালানো শেখানোর জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছিল আশরাফুলকে। প্রশিক্ষণ চলাকালে কৌশলে ওই নারীর সঙ্গে ঘনিষ্ঠতা গড়ে তোলেন তিনি। এ সুযোগে গোপনে তার কিছু আপত্তিকর স্থিরচিত্র ও ভিডিও ধারণ করেন। পরে সেসব ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে ওই নারীকে জিম্মি করে ব্ল্যাকমেইল করতে থাকেন আশরাফুল। লোকলজ্জার ভয়ে ভুক্তভোগী নারী ধাপে ধাপে তাকে প্রায় ২০ লাখ টাকা দিতে বাধ্য হন।
এজাহারে আরও বলা হয়, একপর্যায়ে ওই নারী আশরাফুলের সঙ্গে সব ধরনের যোগাযোগ বন্ধ করে দিলে তিনি ক্ষিপ্ত হন। সম্প্রতি ওই নারীর আপত্তিকর ছবি ও ভিডিও তার স্বামীর কর্মস্থলের এক সহকারীর মুঠোফোনে পাঠিয়ে দেন আশরাফুল। বিষয়টি নিয়ে বাড়াবাড়ি করলে ওই নারীর সন্তানদের বিদ্যালয় ও খেলার মাঠ থেকে অপহরণ করে হত্যার হুমকিও দেওয়া হয়।
এ ঘটনায় ভুক্তভোগী নারীর স্বামী বাদী হয়ে গত বুধবার (২৫ নভেম্বর) ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা করেন। মামলায় আশরাফুলকে প্রধান আসামি করা হয়।
মামলা দায়েরের পর এসআরবি-১৪ ছায়া তদন্ত শুরু করে। অভিযানে প্রধান আসামি আশরাফুলকে গ্রেপ্তারের পর তাকে ও জব্দ করা আলামত পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
এ বিষয়ে এসআরবি-১৪-এর কোম্পানি কমান্ডার মেজর মীর ইশতিয়াক আমিন বলেন, গাড়ি চালানো শেখানোর আড়ালে ভুক্তভোগী নারীর আপত্তিকর ছবি ও ভিডিও ধারণ করে দীর্ঘদিন ধরে ব্ল্যাকমেইল ও অর্থ আদায়ের অভিযোগে দায়ের করা মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তার কাছ থেকে ব্ল্যাকমেইলের কাজে ব্যবহৃত দুটি মুঠোফোন ও একটি সিম কার্ড জব্দ করা হয়েছে। পরে তাকে কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে।

তানভীর হোসাইন, ময়মনসিংহ (সদর-মুক্তাগাছা)