মাদারীপুরে অভিবাসনবিষয়ক সাংবাদিকতায় দক্ষতা বাড়াতে কর্মশালা অনুষ্ঠিত
নিরাপদ অভিবাসন নিশ্চিতকরণ এবং অভিবাসনসংক্রান্ত সঠিক ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে গণসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মাদারীপুরে সাংবাদিকদের নিয়ে দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) মাদারীপুর লিগাল এইড অ্যাসোসিয়েশনের ট্রেনিং সেন্টারে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সহযোগিতায় এবং বেসরকারি উন্নয়ন সংস্থা ‘রাইটস যশোর’-এর উদ্যোগে আয়োজিত এই প্রশিক্ষণে মাদারীপুর জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা অংশ নেন।
কর্মশালায় প্রশিক্ষক ও সহায়ক হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ সেশন পরিচালনা করেন আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)-এর ন্যাশনাল প্রোগ্রাম অফিসার আসমা খাতুন, সিনিয়র প্রোগ্রাম অ্যাসোসিয়েট অমল বিশ্বাস, সিনিয়র মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন অ্যাসোসিয়েট তারেক মাহমুদ এবং প্রোগ্রাম অ্যাসিস্টেন্ট আসাদুল হক চৌধুরী। এ ছাড়া সহায়ক হিসেবে উপস্থিত ছিলেন রাইটস যশোরের প্রোগ্রাম ডিরেক্টর প্রদীপ দত্ত।
দিনব্যাপী এই প্রশিক্ষণে অভিবাসনের বর্তমান প্রেক্ষাপট, নিরাপদ অভিবাসন প্রক্রিয়া, মানবপাচার প্রতিরোধ এবং অভিবাসনসংক্রান্ত সংবাদ তৈরির ক্ষেত্রে সাংবাদিকদের করণীয় ও পেশাগত নৈতিকতার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। প্রশিক্ষকরা বলেন, অভিবাসন খাতের নানা অনিয়ম ও দালাল চক্রের দৌরাত্ম্য রোধ এবং অভিবাসী ও তাঁদের পরিবারের অধিকার রক্ষায় গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুনির্দিষ্ট ও সঠিক তথ্যভিত্তিক প্রতিবেদন তৈরির মাধ্যমেই কেবল সাধারণ মানুষকে সচেতন করা সম্ভব।
কর্মশালার শেষ পর্বে অংশগ্রহণকারী সাংবাদিকরা অভিবাসনবিষয়ক অনুসন্ধানী প্রতিবেদন তৈরির নানা কৌশল ও মাঠপর্যায়ের কাজের বিভিন্ন অভিজ্ঞতা পরস্পরের সঙ্গে বিনিময় করেন।

এম. আর. মুর্তজা, মাদারীপুর