নাটোরে গ্রামীণ ব্যাংকে পেট্রোল বোমা নিক্ষেপ
নাটোরের বাগাতিপাড়া উপজেলার বাঁশবাড়িয়া গ্রামীণ ব্যাংক শাখায় পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। অন্যদিকে নাটোর শহরের দত্তপাড়া বাজারে এলোপাতাড়ি গুলি বর্ষণ ও ককটেল বিস্ফোরণের ঘটনায় সাব্বির নামে এক যুবলীগকর্মীকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা।
বাগাতিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন চন্দ্র জানান, সোমবার (১৬ নভেম্বর) দিনগত রাত আড়াইটার দিকে মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা গ্রামীণ ব্যাংকের শাখাটি লক্ষ্য করে পেট্রোল বোমা ছুড়ে মারে। শব্দ পেয়ে নৈশপ্রহরী বারান্দায় এসে আগুন জ্বলতে দেখে তা নিভিয়ে ফেলেন। এতে বড় ধরনের কোনো ক্ষতি হয়নি। খবর পেয়ে সকালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করে।
এদিকে নাটোর শহরের দত্তপাড়া বাজারে এলোপাতাড়ি গুলি বর্ষণ ও ককটেল বিস্ফোরণের ঘটনায় সাব্বির নামের এক যুবলীগকর্মীকে গণধোলাই দিয়েছে স্থানীয়রা। গতকাল সোমবার রাতে সদর উপজেলার লক্ষ্মীপুর গ্রাম থেকে তাকে ধরে গণপিটুনি দেওয়া হয়। পরে তাকে সদর থানা পুলিশের কাছে সোপর্দ করা হয় বলে নিশ্চিত করেছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান।
ওসি মনসুর রহমান আরও বলেন, নাশকতা রোধে শহরের গুরুত্বপূর্ণ প্রবেশমুখগুলোতে চেকপোস্ট বসিয়ে যানবাহনে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

হালিম খান, নাটোর