নাটোরের দত্তপাড়া বাজারে গুলি-ককটেল বিস্ফোরণ
নাটোর সদর থানা। ফাইল ছবি
নাটোর শহরতলীর দত্তপাড়া বাজারে এলোপাতাড়ি গুলিবর্ষণ ও ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। এই ঘটনার প্রতিবাদে রাতেই বিক্ষোভ মিছিল করেছে বিএনপি।
এলাকাবাসী জানায়, রোববার (১৫ নভেম্বর) রাত ১০টা ৪০ মিনিটের দিকে মাইক্রোবাস, পিকআপ ও প্রাইভেট কারে করে একদল সশস্ত্র ব্যক্তি দত্তপাড়া বিসিক শিল্প এলাকা সংলগ্ন বাজারে আসে। সেখানে নেমে তারা ককটেল বিস্ফোরণ ঘটায় এবং একটি কাভার্ড ভ্যান লক্ষ্য করে গুলি চালায়। এ সময় স্থানীয় লোকজন এগিয়ে আসার চেষ্টা করলে দুর্বৃত্তরা তাদের লক্ষ্য করেও এলোপাতাড়ি গুলি ছোড়ে।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বেশ কিছু গুলির খোসা উদ্ধার করেছে। এ ঘটনায় জড়িত অপরাধীদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

হালিম খান, নাটোর