নিরাপদ অভিবাসন নিশ্চিতে কাজ করছে সরকার: প্রবাসীকল্যাণমন্ত্রী
বৈধ ও নিরাপদ অভিবাসন নিশ্চিত করা এবং বিদেশে কর্মসংস্থানের নতুন সুযোগ সম্প্রসারণে সরকার কাজ করে যাচ্ছে বলে মন্তব্য করেছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক। তিনি বলেন, ‘দক্ষ জনশক্তি তৈরি, স্বচ্ছ নিয়োগপ্রক্রিয়া নিশ্চিত করা এবং প্রবাসী বাংলাদেশিদের সার্বিক স্বার্থ সংরক্ষণে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।’
আজ বুধবার (২৮ অক্টোবর) সকালে গাজীপুরের কালিয়াকৈরের সফিপুরে অবস্থিত বাংলাদেশ আনসার ও ভিডিপি একাডেমিতে ‘প্রান্তিক শক্তি লিমিটেড’-কে রিক্রুটিং লাইসেন্স প্রদান উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।
মন্ত্রী আরও বলেন, নতুন এই লাইসেন্স প্রাপ্তির মাধ্যমে আনসার ও ভিডিপি সদস্যদের জন্য বিদেশে সম্মানজনক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে প্রান্তিক শক্তি লিমিটেড অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে। এ ক্ষেত্রে দক্ষ ও প্রশিক্ষিত জনশক্তি গড়ে তোলার পাশাপাশি সামগ্রিক নিয়োগপ্রক্রিয়ায় স্বচ্ছতা, জবাবদিহি এবং পেশাদারত্ব বজায় রাখার ওপর বিশেষ জোর দেন তিনি।
মন্ত্রী উল্লেখ করেন, নিরাপদ অভিবাসন নিশ্চিত করা সম্ভব হলে একদিকে যেমন বিদেশে বাংলাদেশি কর্মীদের কর্মসংস্থানের সুযোগ বহুগুণ বৃদ্ধি পাবে, অন্যদিকে দেশের অর্থনীতিতে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের অবদান আরও বেশি সম্প্রসারিত হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আনসার ও ভিডিপির মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ এবং গাজীপুর-১ আসনের সংসদ সদস্য মুজিবুর রহমানসহ সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

বি এম সাঈদ, গাজীপুর (কালিয়াকৈর)