ধামরাইয়ে পেট্রলবোমাসহ নিষিদ্ধ ছাত্রলীগের ৫ নেতাকর্মী গ্রেপ্তার
ঢাকার ধামরাইয়ে নাশকতা ও মিছিলের প্রস্তুতিকালে তিনটি পেট্রলবোমা ও চারটি কালার স্মোকসহ নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের পাঁচ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইনে মামলা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য তাদের পাঁচ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠিয়েছে পুলিশ।
আজ রোববার (১৫ নভেম্বর) ভোর ৪টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ের বাথুলি স্কেল এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে সকাল ১১টার দিকে তাদের আদালতে পাঠানো হয়।
পুলিশ জানায়, আজ রোববার ভোরে ঢাকা-আরিচা মহাসড়কের বাথুলি স্কেল এলাকায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের একদল নেতাকর্মী জড়ো হয়ে মিছিল বের করার প্রস্তুতি নিচ্ছিল। এ সময় স্থানীয়দের দেওয়া সংবাদের ভিত্তিতে ধামরাই থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে পাঁচজনকে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে চারটি কালার স্মোক ও তিনটি পেট্রলবোমা উদ্ধার করা হয়।
ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা খান বলেন, এলাকায় নাশকতা ও বিশৃঙ্খলা সৃষ্টির উদ্দেশে তারা সেখানে একত্রিত হয়েছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে। এ ঘটনায় বিস্ফোরক দ্রব্য আইনে নিয়মিত মামলা হয়েছে। পলাতক অন্য সহযোগীদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
ওসি জানান, গ্রেপ্তার করা পাঁচজনকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।

জাহিদুর রহমান