টুঙ্গিপাড়ায় বিএনপি ও যুবদলের অফিস ভাঙচুর, অগ্নিসংযোগ
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বিএনপি ও যুবদলের দুটি কার্যালয় ভাঙচুর করে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। শনিবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার নিলফা বাজার ও বর্ণি বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, এদিন সন্ধ্যায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা লাঠিসোটা ও দেশীয় অস্ত্র নিয়ে একটি মিছিল বের করেন। মিছিলটি টুঙ্গিপাড়ার নিলফা বাজার এলাকায় পৌঁছালে সেখানকার বিএনপি কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। একই সময় উপজেলার বর্ণি বাজারে যুবদলের এক নেতার ব্যক্তিগত অফিসেও ভাঙচুর চালানো হয়। এই ঘটনার পর পুরো এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ঘটনার বিষয়ে গোপালগঞ্জ জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক শরীফ রফিকুজ্জামান বলেন, বিএনপি কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগের বিষয়টি আমি জেনেছি।
এ বিষয়ে পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ জানান, ‘খবর পাওয়ার পরপরই টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

কাজী মাহমুদ, গোপালগঞ্জ