সোমেশ্বরী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন, ১২ অটোরিকশা জব্দ ও জরিমানা
নেত্রকোনার দুর্গাপুরে সোমেশ্বরী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহণের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে প্রশাসন। অভিযানে ১২টি বালুবাহী অটোরিকশা জব্দ এবং এক এক ব্যক্তিকে এক লাখ ১০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।
আজ শুক্রবার (২৭ নভেম্বর) আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মিজানুর রহমান।
নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, সোমেশ্বরী নদী থেকে অবৈধভাবে বালু তুলে পরিবহণের সময় দুর্গাপুর পৌর এলাকার ঘোরাইত নামক স্থান থেকে ১২টি বালুবাহী অটোরিকশা জব্দ করা হয়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে বাদশা মিয়াকে (৩০) বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এক লাখ ১০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট আরও জানান, জব্দ করা বালু সরকারি কাজে ব্যবহারের উদ্দেশে উপজেলা পরিষদ প্রাঙ্গণে রাখা হয়েছে। পরিবেশ ও নদী রক্ষায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ভজন দাস, নেত্রকোনা