সাভার-আশুলিয়ায় কাজে ফিরেছেন পোশাক শ্রমিকরা
সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলের বিভিন্ন তৈরি পোশাক কারখানায় কাজে যোগ দিয়েছেন শ্রমিকরা। আজ শনিবার (১৪ নভেম্বর) সকালে শ্রমিকেরা নিজ নিজ কর্মস্থলে যোগ দেন।
ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ, শ্রমিকদের কালো তালিকাভুক্তি বন্ধ এবং অন্যায়ভাবে ছাঁটাই বাতিলের ৩ দফা দাবিতে গত দুই সপ্তাহ ধরে শিল্পাঞ্চলটিতে শ্রমিক অসন্তোষ চলছিল। বর্তমান পরিস্থিতিতে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সকাল থেকেই আশুলিয়া ও সাভারের বিভিন্ন পোশাক কারখানার সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এছাড়া যেকোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রাখা হয়েছে পুলিশের জলকামান ও এপিসি এবং মাঠে রয়েছে ১৫ প্লাটুন বিজিবি।
শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভুঁইয়া জানান, ইতোমধ্যে শ্রম আইনের ১৩(১) ধারায় অনির্দিষ্টকালের জন্য এমএম নীটওয়্যার ও অরুনিমা গ্রুপের সকল তৈরি পোশাক কারখানাসহ বেশ কিছু কারখানা বন্ধ রয়েছে। এই ধারার নিয়ম অনুযায়ী ‘কাজ নেই তো বেতন নেই’, অর্থাৎ কারখানা যতদিন বন্ধ থাকবে, শ্রমিকেরা ততদিন কোনো মজুরি পাবেন না।
এমন পরিস্থিতিতে আজ শনিবার তৈরি পোশাকশিল্প মালিকদের শীর্ষ সংগঠন বিজিএমইএ একটি জরুরি বিশেষ সাধারণ সভা ডেকেছে। বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান জানিয়েছেন, কারখানাগুলো স্বাভাবিক উৎপাদনে না ফিরলে শ্রম আইনের ১৩(১) ধারায় অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ ঘোষণা এবং পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত নিম্নতম মজুরি বোর্ডের আনুষ্ঠানিক আলোচনা বর্জনের মতো কঠোর সিদ্ধান্ত নেওয়া হতে পারে। তিনি বলেন, ‘মজুরির আলোচনা চলবে, আবার একই সঙ্গে কারখানায় ভাঙচুর ও বিশৃঙ্খলা চলবে— এ দুটি একসঙ্গে চলতে পারে না।’
এদিকে দেশের তৈরি পোশাকশিল্পে কর্মরত সব শ্রেণির শ্রমিক ও কর্মচারীদের ন্যূনতম মজুরি পুনর্নির্ধারণের সুপারিশ চূড়ান্ত করতে আগামী ১৬ নভেম্বর তৃতীয় দফায় বসতে যাচ্ছে নিম্নতম মজুরি বোর্ড। এর আগে গত ৪ নভেম্বর নিম্নতম মজুরি বোর্ডের প্রথম সভা অনুষ্ঠিত হয় এবং গত ৯ নভেম্বর দ্বিতীয় সভায় শ্রমিকপক্ষের পক্ষ থেকে ৩২ হাজার টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব করা হয়। অন্যদিকে, মালিকপক্ষ আগামী রোববার তাদের প্রস্তাব জমা দেবে বলে জানিয়েছে বিজিএমইএ।

জাহিদুর রহমান