বিএনপির দুই পক্ষের সংঘর্ষ-ককটেল বিস্ফোরণ, গুলিবিদ্ধ ৫
আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে কেন্দ্র করে আধিপত্য বিস্তারের জেরে মুন্সীগঞ্জ সদরের চরাঞ্চলের মোল্লাকান্দিতে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় মুহুর্মুহু গুলি ও ককটেল বিস্ফোরণের ঘটনায় পাঁচজন গুলিবিদ্ধসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। এমনকি পরিস্থিতি নিয়ন্ত্রণে যাওয়া পুলিশের পিকআপ লক্ষ্য করেও বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা।
বুধবার (১১ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে মোল্লাকান্দি ইউনিয়নের নোয়াদ্দা গ্রামে ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আওলাদ মোল্লা ও ফ্রান্সপ্রবাসী বিএনপি কর্মী রহিম মোল্লার লোকজনের মধ্যে এই সংঘাতের সূত্রপাত হয়। এরপর বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ৭টা পর্যন্ত ইউনিয়নের রাজারচর, কংসপুরা ও নতুন আমঘাটা গ্রামে হামলা-পাল্টাহামলা এবং ককটেল বিস্ফোরণ চলতে থাকে।
সংঘর্ষে গুলিবিদ্ধ দিদার ঢালী (৪৭), বোরহান সিকদার (৪৯), দিদার সরদার (৪৫), রাকিব সরদার (২৫) ও ইমরান হোসেনকে (৪৮) মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকায় পাঠানো হয়েছে। বাকি আহতরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।
গুলিবিদ্ধ দিদার ঢালী বলেন, বুধবার রাতে নোয়াদ্দা এলাকার একটি ড্রেজারের পাশে তারা কয়েকজন যুবক কথা বলছিলেন। এ সময় আওলাদ মোল্লার লোকজন অতর্কিত হামলা চালিয়ে তাদের ওপর গুলিবর্ষণ করে। এতে তিনিসহ পাঁচজন গুলিবিদ্ধ হন এবং এর জের ধরেই পরবর্তী সময়ে ইউনিয়নের বিভিন্ন গ্রামে সংঘাত ছড়িয়ে পড়ে।
এ বিষয়ে বক্তব্য জানতে ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আওলাদ মোল্লার মোবাইল ফোনে কল করা হলেও তিনি রিসিভ করেননি। এ ছাড়া বিএনপি কর্মী রহিম মোল্লার সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগের চেষ্টা করা হলেও তার পক্ষ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি।
এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তছলিম উদ্দিন বলেন, ইউনিয়ন নির্বাচনকে কেন্দ্র করে ওই দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্যের লড়াই চলে আসছে। তারই অংশ হিসেবে এই সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছালে তাদের পিকআপ লক্ষ্য করেও ককটেল নিক্ষেপ করা হয়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং বর্তমানে সেখানে শান্ত পরিবেশ বিরাজ করছে।

মঈনউদ্দিন সুমন, মুন্সীগঞ্জ